জেলেপল্লিতে ফারজানা ছবি

এক মাস পাঁচ দিন বয়সের সন্তানকে বুকে নিয়েই নদীতে মাছ ধরেন রেজিয়া। ঝড়-বৃষ্টির মধ্যে বাচ্চাকে আগলে রেখে মাঝনদীতে প্রতিটি মুহূর্ত সংগ্রাম করে জীবন ধারণ করতে হয় তাঁকে।
নদীকাব্য নামে একটি ছবিতে এই রেজিয়ার চরিত্রে অভিনয় করেছেন ফারজানা ছবি। ৫ মে থেকে মানিকগঞ্জের আরিচা ঘাটের যমুনা নদীর তেওতা চরের জেলেপল্লিতে শুরু হয়েছে শুটিং। তথ্য মন্ত্রণালয়ের অনুদানে ছবিটি পরিচালনা করছেন মোহাম্মদ হোসেন জেমী। তাঁকে সহযোগিতা করছেন ইনফরমেশন ইনস্টিটিউট অব ম্যাস কমিউনিকেশনের ২৬ শিক্ষার্থী।
ফারজানা ছবি বলেন, ‘চরিত্রটি খুব কঠিন। প্রতিদিন ভোর পাঁচটায় লোকেশনে যেতে হয়। কয়েক দিন আগে থেকেই আমরা জেলেপল্লিতে অবস্থান করছি। কাছ থেকে দেখছি, শিখছি। তাঁদের জীবনের ভেতরে গেলে বাস্তবতা বোঝা যায়।’
ছবির পরিচালক বলেন, ছবির প্রথম ধাপের কাজ শেষ। দ্বিতীয় ধাপের কাজ শিগগিরই শুরু হবে। নদীকাব্য ছবিতে আরও অভিনয় করছেন আমান রেজা, রেহেনা জলি, আমির সিরাজি প্রমুখ।