জোকসের সঙ্গে বসবাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাইদুর রহমান,তানজিলা কলি,এমদাদুল হক,কমর উদ্দীন
সাইদুর রহমান,তানজিলা কলি,এমদাদুল হক,কমর উদ্দীন

২৩ এপ্রিল। বাংলাদেশ সময় রাত ১০টা। ভারতীয় টিভি চ্যানেল জি বাংলায় শুরু হয়েছে ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার নাইন’। যাঁরা নিয়মিত অনুষ্ঠানটি দেখেন, তাঁদের নিশ্চয়ই মনে আছে। মঞ্চে তখন এমদাদুল হক। শুরু করেছেন তাঁর পরিবেশনা। তিন-চারটি কৌতুক বলার পর তাঁকে থামিয়ে দেন উপস্থাপক মীর আফসার আলী। বললেন, ‘এ তো আজ শুধু চার-ছক্কা মারছে।’ এমদাদুলের বাড়ি বাংলাদেশে। ঢাকায়।
কে জানে, কলকাতার কোনো আয়োজনে পা রাখলেই বুঝি চার-ছয় এসে ভর করে। এটা সাকিব আল হাসানই হোক আর হৃদয়। হোক সেটা ইডেন গার্ডেন কিংবা মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জারের মঞ্চ।
অবশ্য মীরাক্কেলে শুধু এমদাদুলই নন, এবারের আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন ৯ জন। সেখান থেকে এখন পর্যন্ত টিকে আছেন চারজন। সেরা হওয়ার দৌড়ে বাংলাদেশ থেকে এমদাদুলের পাশাপাশি এখনো লড়ে যাচ্ছেন কমর উদ্দীন, সাইদুর রহমান ও তানজিলা কলি। অবশ্য গত সপ্তাহে বাদ পড়েছেন বাংলাদেশের আরেক প্রতিযোগী ইয়াকুব রাসেল।
সেখানে ভারতীয় প্রতিযোগীদের সঙ্গে পাল্লা দিয়ে মঞ্চে টিকে আছেন তাঁরা। কৌতুকময় জীবনটা কেমন। জানতেই যোগাযোগ করা হয় বাংলাদেশি প্রতিযোগীদের সঙ্গে। কমর উদ্দীন বললেন, ‘ছোটবেলায় গান গাইতাম। আর সবাইকে হাসাতাম। এখন মীরাক্কেলের মতো জায়গায় এসে দুই বাংলার মানুষকে হাসাতে পারছি। এটা অনেক আনন্দের।’
চট্টগ্রামের আরেক প্রতিযোগী তানজিলা কলি নিজেকে একজন মীরাক্কেলিয়ান ভাবেন। বললেন, ‘আমার আগের জীবনটা শুধু তানজিলা কলির। কিন্তু এখন তো মীরাক্কেলিয়ান তানজিলা কলি। কত ফ্যান, ফলোয়ারস। কত মানুষ চেনেন। কত তারকার সঙ্গে মঞ্চ শেয়ার করলাম। সব মিলিয়ে পরিপূর্ণ একটা জীবন।’
কলি কৃতজ্ঞতা জানালেন অনেককে। বললেন, ‘সবকিছুর পেছনে আমার মা-বাবা তো আছেনই। মেন্টর অর্ণব, কৃষ্ণেন্দু, শাওন আমাকে বাছাই করে এখানে এনেছেন। এত এত প্রতিযোগী ছিল, সেখান থেকে বাছাই করাটাও খুব কঠিন কাজ।’
এখন তাঁদের তত্ত্বাবধানে থেকেই নিয়মিত জোকস পরিবেশন করছেন কলিসহ সব প্রতিযোগী।
কমর উদ্দীন বললেন, ‘আমাদের সকাল শুরু হয় জোকস চিন্তা করতে করতে। রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমরা নতুন নতুন জোকস ভাবি। সারা দিন জোকসের সঙ্গে বসবাস। আমাদের মেন্টররা প্রচুর সহযোগিতা করছেন। জোকসটা আরও কীভাবে আকর্ষণীয় করা যায়, তাঁরা এ ব্যাপারে পরামর্শ দেন।’
সাইদুর রহমান জানালেন বিচারকদের কথা। বললেন, ‘বিচারকসহ সবাই দারুণ উৎসাহ দেন। শুধু মঞ্চেই নন, মঞ্চের পেছনেও তাঁরা আমাদের সহযোগিতা করেন।’
আগামী ১২ জুন হবে ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার নাইন’ আয়োজনের গ্র্যান্ড ফিনালে। চূড়ান্ত প্রতিযোগিতার জন্য এখন নিজেদের সেরাটা দেখানোর প্রস্তুতি নিচ্ছেন প্রতিযোগীরা। এমদাদুল হক বললেন, ‘বিচারকদের পাশাপাশি উপস্থাপক মীর আফসার আলী আমাদের দারুণ উৎসাহ দেন।’
তবে শেষ পর্যন্ত কে সেরা হবেন, এখন সেটাই দেখার বিষয়। কারণ বাংলাদেশ না ভারতের হাতে উঠবে সেরার কাপ? এই আয়োজনের ষষ্ঠ পর্বের পুনরাবৃত্তি ঘটলে বাংলাদেশের যেকোনো একজন হতে পারেন চ্যাম্পিয়ন। ওই আয়োজনে চ্যাম্পিয়ন হয়েছিলেন বাংলাদেশের আবু হেনা রনি। তিনিও আশা করছেন, ঘটতে পারে তেমনটি।