জোছনাস্নাত লালন-বন্দনা
ফরিদা পারভীন প্রথম গানটা শেষ করলেন। মাইক্রোফোন হাতে নিলেন একজন। ঘোষণা হলো, ‘লালনকন্যা ফরিদা পারভীনের গান শুনে খুশি হয়ে দোসরপাড়া গ্রামের অমুক ৫০০ টাকা তাঁকে পুরস্কার হিসেবে দিচ্ছেন।’ তুমুল করতালি দর্শকদের। আরেকটা গান, আরও এক হাজার টাকা পুরস্কার। আবারও করতালি। খ্যাতিমান লালনসংগীতশিল্পী ফরিদা পারভীন মাইক্রোফোনে তখন বলছেন, ‘যেখানে যে রেওয়াজ, এখানে হয়তো এমনটাই। তবে এটা আসলে সাঁইজির বাণীর প্রতি সাধারণ মানুষের ভালোবাসার প্রকাশ, তাই এ পুরস্কার আমি সানন্দেই গ্রহণ করছি।’সেদিন ছিল পূর্ণিমা। গত ২৯ নভেম্বর। মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার দোসরপাড়া গ্রামের যে বাজারটা, সেখানে একটা বটগাছ। এই বিটপির ছায়াঘেরা জায়গাটার নাম এখন লালন শাহ্ বটতলা। পদ্মহেম ধাম নামে এখানে আছে লালন চর্চার আন্তরিক কিছু আয়োজন। আন্তরিক বলছি এ কারণে, গ্রামের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় এখানে এখন বছরজুড়েই চলে লালনসংগীত প্রশিক্ষণ, সাঁইজির বাণীর চর্চা ইত্যাদি নানা কিছু। আর প্রতিবছর এখানে হয় দুই দিনের সাধুসঙ্গ। সাধুগুরুদের নিয়ম মেনে পূর্ণিমার সময়টাকেই বেছে নেওয়া হয়। ছয় বছর আগে শুরু এই সাধুসঙ্গের আয়োজন। এবারের আয়োজন চলল ২৯ ও ৩০ নভেম্বর—দুই দিন দুই রাত ধরে। এ আয়োজনের উদ্বোধন করেন মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. সাহাবুদ্দিন খান। তিনি বললেন, এ ধরনের আয়োজন আমাদের মূল সংস্কৃতিকে সবার মধ্যে তুলে ধরে। সমাপনী অনুষ্ঠানেও এমন কথা জানালেন মুন্সিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফয়েজউল্যাহ হক।লালন সাঁই বটতলা ইছামতী নদীর তীরে। দুই দিনের সাধুসঙ্গে প্রতিদিনই মানুষ আসে দূর-দূরান্ত থেকে। নৌকা, বাইক, অটোরিকশা, রিকশা, গাড়ি—সব যানবাহন দিয়েই আসে মানুষ। গাড়ি অবশ্য কিছুটা দূরে রেখে হেঁটে যেতে হয়। সরু রাস্তায় থাকে মানুষ বাইক আর অটোরিকশার ভিড়। সেই ভিড় ভিজিয়ে দেয় গলে পড়া জোছনা। দিনের বেলা লালন সাঁইয়ের বাণীর বয়ান চলতে থাকে। আরও চলে সাধুসঙ্গ জীবলীলা ইত্যাদি। রাতে শুরু হয় লালনের গানের অনুষ্ঠান। প্রথম দিন রাত সোয়া নয়টার দিকে সত্য বলে সুপথে চলার বাণী শুনিয়ে গেলেন দরবেশ নহীর শাহ্। লালনের বাণী যে সর্বজনীন মানবতার বাণী, তার বয়ান দিলেন তিনি। বটগাছের গোড়াটা বাঁধানো। ওটাই মঞ্চ। সাধুগুরু থেকে লালনসংগীত শিল্পী, বাদক দল—সবার বসার জায়গা এখানে। নহীর শাহ্র বয়ান দিয়ে শুরু হলো প্রথম রজনী। ফরিদা পারভীন তাঁর যন্ত্রীদের নিয়ে শুরু করলেন লালনের গান। রাত বাড়ছে, তাঁর গানের সুর-মাধুরতাও বেড়ে চলেছে। আগেই বলেছিলেন, ‘মিলন হবে কত দিনে...। ওটা না হয় শেষেই হোক।’ কিন্তু যখন তিনি গানটা ধরলেন, তখন যেন ওটা আর শেষ হতেই চায় না। একপর্যায়ে গাজী আবদুল হাকিমের বাঁশি মেতে উঠল দারুণভাবে। বাঁশি তখন বাঙ্ময়। বাঁশি আর ঢোলের যুগলবন্দীর সঙ্গে যুক্ত হলো মাটিতে মাদুরের ওপর বসে থাকা হাজার খানেক দর্শকের তালে তালে করতালি। যেন সুরের জাদুর এক বাস্তবতা। এরপর এলেন শফি মণ্ডল। তাঁর দোতারায় বৈদ্যুতিক সংযোগ, যেন ইলেকট্রিক দোতারা। যম-যাতনা ধরলেন তিনি, একটু গান একটু কথা। লালন ব্যান্ডের সুমি যখন টান দিলেন খ্যাপারে... তখন দর্শকেরাও যেন নিজেদের মধ্যে এক খ্যাপাকে আবিষ্কার করে। মঞ্চে তখন উপস্থাপক রিংকু। নিজেও লালন সাঁইজির আদর্শে দীক্ষিত। উপস্থাপনা করেন, গান গেয়ে শোনান আর শোনান লালনের বাণী।ভারত থেকে এসেছিলেন তিন শিল্পী মদন দাস বাউল, সুমন্ত দাস বাউল আর বাউল লক্ষ্মীকান্ত দাস। ‘এই মাটির টানে, এই মাটির মানুষের টানে আমরা এখানে আসি। আগেও এসেছি। অনেক জায়গাতেই আমরা লালনের বাণী নিয়ে যাই, কিন্তু এখানে যেন নাড়ির টান অনুভব করি।’ লালন সাঁই বটতলায় সারা রাত চলে লালনসংগীতের এই আসর। বটগাছের ডালে ডালে স্পটলাইট, সেগুলো ভেদ করেও দেখা যায় এক ফালি চাঁদ। দর্শক সারি পেরিয়েও নদীর পাড় পর্যন্ত দর্শক। নদীর পাড়ে আবার জমেছে মেলা, খাবারদাবার, পুতুল-টুতুল, হস্তশিল্প কী নেই সেখানে। এই সাধুসঙ্গের অন্যতম আয়োজক কবির হোসেন বলেন, ‘লালন সাঁইজির চর্চা এখানে দিন দিন বাড়ছে। বেড়ে চলেছে সাধুসঙ্গের পরিসরও। আমাদের আশা, বিক্রমপুরের এ জায়গাটায় একদিন লালন সাঁইজির আন্তর্জাতিক মানের গবেষণাকেন্দ্র প্রতিষ্ঠিত হবে।’ এবারের সাধুসঙ্গ আয়োজনে সাধুগুরুদের মধ্যে আরও যোগ দিয়েছিলেন সামছুল ফকির, বুড়ি ফকিরানী, ওয়াজ শাহ্, হূদয় শাহ্, মহররম শাহ্ ও রওশন ফকির। আর শিল্পীদের মধ্যে আরও ছিলেন আরিফ বাউল, বাউল তকবির শাহ্, রাজ্জাক বাউল, আনু ফকির ও বিধান শাহ্। অগ্রহায়ণ মাস। পূর্ণিমার আলো কুয়াশার রাতে লালনের বাণী সুরে সুরে ছড়িয়ে পড়ছে তখন ইছামতীর তীরে। আমাদের ফিরে আসতে হয় নাগরিক জীবনের তাগিদে। পায়ে চলা পথে তখন আরও জোরালো জোছনা। ওদিকে তখন রিঙ্কুর গান ধীরে ধীরে আবছা হতে থাকে। কিন্তু মনে, হূদয়ে সওয়ার হয়ে সেই বাণী যেন আমাদের প্রকৃত গন্তব্যে যেতে প্রভাবিত করতে চায়।