জোটের একুশে অনুষ্ঠানমালা কাল থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশের প্রেরণা ইতিহাসের বাঁকে বাঁকে জাতিকে দেখিয়েছে বিকাশের পথ। মানুষের মুক্তির পথ রচনায়, ভাষার অধিকার প্রতিষ্ঠার দাবিতে দেশের ছাত্র-জনতার রক্তস্নাত অর্জন একুশে ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বব্যাপী পালিত হচ্ছে। কিন্তু উচ্চ আদালতসহ রাষ্ট্রের বিভিন্ন কার্যক্রমে বাংলা ভাষাই এখন অবহেলিত। যে জাতির গৌরবগাথা বিশ্ববাসী তার ভাষার অধিকার সমুন্নত রাখতে স্মরণ করে, সেই জাতির সার্বিক জীবনব্যবস্থায় মাতৃভাষা অবহেলার, অপমানের, লজ্জার! গতকাল রোববার দুপুরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে একুশের অনুষ্ঠানমালা কর্মসূচি ঘোষণায় এভাবেই আক্ষেপ ব্যক্ত করলেন বক্তারা। এ সময় একমাত্র আন্তর্জাতিক যোগাযোগ ছাড়া অভ্যন্তরীণ সব ক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার শতভাগ নিশ্চিত করার দাবি জানানো হয়। ঘোষণা দেওয়া হয়, ৮ ফেব্রুয়ারি থেকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের অমর একুশের অনুষ্ঠানমালা শুরু হচ্ছে।প্রতিবছরের ধারাবাহিকতায় সম্মিলিত সাংস্কৃতিক জোট এবার ৮-২১ ফেব্রুয়ারি অমর একুশের অনুষ্ঠানমালার আয়োজন করেছে। এবারের স্লোগান নির্ধারিত হয়েছে ‘ভালো থাক বাংলা ভাষা/ ভালো থাক আগামীর আশা’। ৮ ফেব্রুয়ারি বিকেল চারটায় কেন্দ্রীয় শহীদ মিনারে একুশে অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন অধ্যাপক রফিকুল ইসলাম। শহীদ মিনারে অনুষ্ঠান চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। পরের দিন ২০ ফেব্রুয়ারি বিকেল চারটায় ধানমন্ডি রবীন্দ্রসরোবর মঞ্চে অমর একুশের অনুষ্ঠানমালা শুরু হবে। চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্যসংবলিত বক্তব্য দেন সাংসদ আসাদুজ্জামান নূর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক, জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ, ফকির আলমগীর, সাধারণ সম্পাদক হাসান আরিফ প্রমুখ। সংবাদ সম্মেলনের শুরুতে সদ্য প্রয়াত সাংবাদিক পথিক সাহার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।কলকাতায় সুফিসূত্র উৎসবকলকাতা প্রতিনিধি জানিয়েছেন, কলকাতায় এই প্রথম অনুষ্ঠিত হলো সুফিসূত্র উৎসব। এই উৎসবে যোগ দিয়েছেন দেশ-বিদেশের সুফি সাধকেরা। তিন দিনব্যাপী আয়োজিত এই উৎসবের শুরু শুক্রবার এবং শেষ হয় গতকাল রাতে। উৎসবে বাংলাদেশসহ যোগ দিয়েছেন মিসর, আফগানিস্তান, ইরান, সিরিয়া, তাজাকিস্তান ও ভারতের পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ, অন্ধ্র প্রদেশ এবং দিল্লির সুফি গায়কেরা। সব মিলিয়ে উৎসবে যোগ দেন ১৬২ জন সুফি সাধক। বাংলানাটক ডটকমের আয়োজনে কলকাতার নিকো পার্কে এই উৎসবে যোগ দিতে বাংলাদেশ থেকে আসেন আনুশেহ আনাদিল, শফি মণ্ডল, আকলিমা বাউল, রব ফকির, নিগার সুলতানা ও নজরুল ইসলাম। গতকাল সন্ধ্যায় বাংলাদেশের শিল্পীরা পরিবেশন করেন লালন শাহের গান। সন্ধ্যায় নিকো পার্কে আয়োজিত এই উৎসবে আসা শত শত দর্শক-শ্রোতা বাংলাদেশের গান শুনে বিমোহিত হয়।