
১৪ দিনব্যাপী একুশের অনুষ্ঠানের শেষ দিন গতকাল মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত একুশের অনুষ্ঠানের শুরু হয় শিশুদের সুললিত কণ্ঠে। আজ থেকে জোটের একুশের অনুষ্ঠান হবে ধানমন্ডির রবীন্দ্রসরোবরে। শুরু হবে বিকেল চারটা থেকে।
১১তম দিনের অনুষ্ঠানে পঞ্চভাস্কর ও রবিরশ্মির শিল্পীরা সমবেত কণ্ঠে দেশের গান পরিবেশন করেন।
অনুষ্ঠানে একক আবৃত্তি করেন শায়লা লাবণী। দলীয় আবৃত্তি করে বৈকুণ্ঠ, উত্স, মিথস্ক্রিয়া ও ত্রিলোক। একক সংগীত পরিবেশন করেন মহাদেব ঘোষ, আবদুল হালিম খান ও আরিফ রহমান। অনুষ্ঠানের শেষ পর্বে পথনাটক পরিবেশন করে বর্ণালী থিয়েটার ও নাট্যকথা। অনুষ্ঠান সঞ্চালনা করেন রফিকুল ইসলাম ও মানজার চৌধুরী।

নজরুল গবেষণাগ্রন্থ প্রকাশ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্ম নিয়ে কাজী নজরুল ইসলাম: ম্যান অ্যান্ড পোয়েট শীর্ষক একটি গবেষণামূলক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। বইটি লিখেছেন গবেষক ও সংগীতব্যক্তিত্ব মুস্তাফা জামান আব্বাসী। প্রকাশক আইইউবি।
গত সোমবার ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) বসুন্ধরা ক্যাম্পাসে বইয়ের মোড়ক উন্মোচন করেন নজরুল গবেষক অধ্যাপক রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আইইউবির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান তৌহিদ সামাদ। আলোচনা করেন আইইউবির ইংরেজি বিভাগের উপদেষ্টা অধ্যাপক নিয়াজ জামান, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রাশেদ চৌধুরী ও উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান।
হাসান আরিফের ‘প্রেম’
‘প্রেম’ সবচেয়ে বেশি সার্থক রূপে এসেছে কবিতায়। যিনি লিখছেন, তার চেয়ে বেশি যেন সত্য হয়ে প্রতিভাত হচ্ছে তা কবিতার পাঠকের জীবনে। তাই কিছু কবিতাকে মনে হয় আপন, কিছু কবিতা দুর্বোধ্য, কিছু কবিতা জনপ্রিয় আর কিছু কবিতা প্রিয়। এমন কিছু কবিতা নিয়ে সাজানো হয়েছে আবৃত্তিসন্ধ্যা ‘প্রেম’।
ভাষা দিবসকে শ্রদ্ধা নিবেদন করে বেঙ্গল ফাউন্ডেশন আয়োজন করেছে আবৃত্তিসন্ধ্যা। বেঙ্গল শিল্পালয়ে আগামী শনিবার অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করবেন আবৃত্তিশিল্পী হাসান আরিফ। অনুষ্ঠানে নির্মলেন্দু গুণ, সোহেল আনোয়ার, আমিনুর রহমান, রামচন্দ্র পাল, শুভ দাশগুপ্ত প্রমুখের কবিতা আবৃত্তি করবেন হাসান আরিফ।
‘জীবনঢুলী’র বিশেষ প্রদর্শনী
যশোরের শিল্পকলা একাডেমী মিলনায়তনে কাল বৃহস্পতিবার থেকে তানভীর মোকাম্মেল পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র জীবনঢুলী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বেলা তিনটা থেকে শুরু হবে এ প্রদর্শনী। পরদিন একুশে ফেব্রুয়ারি প্রদর্শনী শুরু হবে ১১টা থেকে। শিল্পকলা একাডেমী ছাড়াও যশোরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে ২২ ফেব্রুয়ারি থেকে জীবনঢুলী চলচ্চিত্র প্রদর্শিত হবে।
ছবিটি বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত মুক্তিযুদ্ধের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে।