জোটের একুশের অনুষ্ঠান শুরু
সম্মিলিত সাংস্কৃতিক জোটের অমর একুশে অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা দেশে সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টিকারীদের কঠোর হাতে দমন করার আহ্বান জানিয়েছেন।
‘বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা সত্য হউক’ স্লোগান নিয়ে গতকাল শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছে সাংস্কৃতিক জোটের ১৩ দিনব্যাপী একুশের অনুষ্ঠানমালা।
উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক অনুপম সেন, রামেন্দু মজুমদার, গোলাম কুদ্দুছ, ফকির আলমগীর, হাসান আরিফ প্রমুখ। সভাপতিত্ব করেন নাসিরউদ্দীন ইউসুফ। বক্তারা জামায়াত-শিবির সৃষ্ট সহিংসতা ও সাম্প্রদায়িক হামলা রুখে দাঁড়ানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় সংগীত ও একুশের গান দিয়ে। পরে নৃত্য পরিবেশন করেন স্পন্দনের শিল্পীরা। মহাকাল নাট্যদলের ছিল ভাষা আন্দোলন নিয়ে একটি বিশেষ পরিবেশনা। এ ছাড়া গণসংগীত পরিবেশন করেন ফকির আলমগীর ও আশিকুর রহমান। পথনাটক করে থিয়েটার আর্ট ইউনিট। প্রতিদিন বিকেল চারটায় শহীদ মিনার পাদদেশে শুরু হবে অনুষ্ঠান।