জোটের বিজয় উৎসব ১৩ ডিসেম্বর থেকে

বিগত বছরগুলোর মতো এ বছরও কেন্দ্রীয় শহীদ মিনারসহ রাজধানীর বিভিন্ন জায়গায় বিজয় উৎসবের আয়োজন করছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। ‘ঐক্য গড় বাংলাদেশ, সাম্প্রদায়িকতা হবে শেষ’ স্লোগান নিয়ে ১৩ ডিসেম্বর থেকে শুরু হবে এই বিজয় উৎসব। ওই দিন বিকেল চারটায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ উৎসবের উদ্বোধন করবেন বরেণ্য সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুরী। সেই সঙ্গে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিনে সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের করা হবে বিজয় শোভাযাত্রা।
আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) জোট কার্যালয়ে সংবাদ সম্মেলন এ তথ্য জানান জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। এ সময় আরও বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ, জাতীয় কবিতা পরিষদের সভাপতি মুহাম্মদ সামাদ, গণসংগীতশিল্পী সমন্বয় পরিষদের সভাপতি ফকির আলমগীর প্রমুখ। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ।
গোলাম কুদ্দুছ বলেন, এই বিজয় উৎসবে অংশ নেবে তিন শতাধিক সাংস্কৃতিক সংগঠন। এতে থাকবে দলীয় নৃত্য, দলীয় আবৃত্তি, গণসংগীত, পথনাটক, শিশু-কিশোরদের পরিবেশনা, চলচ্চিত্র ও দেশের বরেণ্য শিল্পী ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের একক পরিবেশনা। শহীদ মিনারসহ রাজধানীর নয়টি মঞ্চে বিজয় উৎসবের অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হবে। এর মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনার মঞ্চে ১৩-১৬ ডিসেম্বর, ধানমন্ডি রবীন্দ্রসরোবর মঞ্চে ১৪-১৬ ডিসেম্বর, রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ মঞ্চে ১৪-১৬ ডিসেম্বর, মিরপুর সড়ক ও জনপথ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ মঞ্চে (পাইকপাড়া) ১৪ ডিসেম্বর, মিরপুর-কামাল মজুমদার স্কুল অ্যান্ড কলেজমাঠ মঞ্চে (রূপনগর) ১৫ ডিসেম্বর, মিরপুর-মুকুল ফৌজ ৬ নম্বর সেকশন মাঠ মঞ্চে ১৬ ডিসেম্বর, বাহাদুর শাহ পার্ক মঞ্চে ১৭-১৮ ডিসেম্বর, উত্তরা রবীন্দ্র সরণি মঞ্চে ১৮-১৯ ডিসেম্বর এবং দনিয়া বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ মঞ্চে ১৪-১৬ ডিসেম্বর উৎসবের অনুষ্ঠানমালা হবে। প্রতিদিন বিকেল চারটা থেকে সব মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।