জোরে জোরে কান্না শুরু করলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

ঈদ মানে খুশি, ঈদ মানেই আনন্দ। তবে গ্রাম ও শহরের ঈদ উদ্‌যাপনে আছে তফাত। সঙ্গে ঈদের আনন্দ উত্সবের বহিঃপ্রকাশেও আছে ভিন্নতা। গ্রাম ও শহরের ঈদ উদ্‌যাপনের আনন্দস্মৃতি নিয়ে চলেছেন অভিনেত্রী শবনম বুবলি। তাঁর কাছ থেকে স্মৃতিগুলো শুনেছেন শফিক আল মামুন  

শবনম বুবলি
শবনম বুবলি

আমার কাছে শহরে ঈদের আগের দিনটাই বেশি মজার ও আনন্দের মনে হয়। শহরের প্রতিটি বাড়িতেই আগের দিনটা ঈদের দিনের প্রস্তুতি উত্সব তৈরি হয়। ঈদের আগের দিন রাতে বোনেরা মিলে ঈদের দিনের জামাকাপড়গুলোয় আবার চোখ বুলিয়ে নিই। হাতে হাতে মেহেদির আলপনা আঁকার ধুম পড়ে বাড়িতে।

শহরে আমার ঈদের কত শত স্মৃতি!

ছোটবেলার একটা স্মৃতি এখনো বেশ উজ্জ্বল হয়ে আছে। আমি বোনদের মধ্যে সবার ছোট। তাই আমার আবদারও বেশি ছিল। ঈদের দিন সকাল, দুপুর ও রাতে পরার জন্য আমাকে তিনটি ড্রেস কিনে দিতেই হবে। কিন্তু পোশাক তিনটির রং যেন বান্ধবীরা না জানতে পারে। বান্ধবীদের মধ্যে নতুন পোশাক নিয়ে তখন খুব প্রতিযোগিতা ছিল।

একবার ঈদের দিন সকালে অনেকগুলো বান্ধবী আমাদের বাড়িতে এসেছে। দেখি কী, সকালে যে পোশাকটি আমি পরব, সেই ড্রেসের রং এক বান্ধবীর ড্রেসের সঙ্গে মিলে গেছে। আবার কান্না শুরু হয়ে গেল। আব্বা আম্মা বলল, ‘দুপুরে তোমার যেটি পরার কথা ছিল, সেটি এখন পরো, তাহলেই তো হয়।’ কে শোনে কার কথা! না, দুপুরেরটা দুপুরে, সন্ধ্যারটা সন্ধ্যায়। সকালের জন্য এখনই অন্য একটি রঙের নতুন পোশাক কিনে দিতে হবে। আরও জোরে জোরে কান্না শুরু করলাম। ঈদের দিন সব মার্কেট বন্ধ। আমাদের বাসা উত্তরায়। তখন উত্তরায় একমাত্র বড় শপিং মল রাজলক্ষ্মী। শেষ পর্যন্ত আব্বা সঙ্গে নিয়ে বের হলেন। কিন্তু রাজলক্ষ্মীর সব দোকানপাট বন্ধ। ভেতরে একটিমাত্র দোকান খোলা। ভালো ড্রেস ছিল না সেখানে। কিন্তু ভালো কিছু না পেলেও অন্য রঙের পোশাক পেয়েই আমি মহাখুশি হয়েছিলাম।

ঈদের সময় আরেকটি মজার ঘটনা আছে। আমার আর ছোট ভাইয়ের জন্য বড় দুই দুলাভাই একটা নিয়ম করেছেন। ঈদের নামাজ পড়ে তাঁরা বাড়িতে ঢোকার মুখে যে আগে তাঁদের সালাম করবে, তাকেই বেশি সালামি দেবেন তাঁরা। ঈদের দিন সকালে আগে থেকেই বেশি সালামি পাওয়ার আশায় আমার আর ছোট ভাইয়ের দরজার মুখে দাঁড়ানোর প্রতিযোগিতা শুরু হয়ে যায়। এখনো ঈদের সময় চলে সেই প্রতিযোগিতা। হা হা হা...।