
আসুন, অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে পরিচিত হই ভাবছেন, এটা আবার কেমন কথা। জোলির সঙ্গে পরিচিত হওয়ার কী আছে। জোলিকে কে না চেনে! আজ থেকে অভিনয় করছেন? সেই সাত বছর বয়সে প্রথম দাঁড়িয়েছিলেন ক্যামেরার সামনে। এরপর গত তিন দশকেরও বেশি সময় ধরে নিজের ক্যারিয়ারটাকে শুধু সমৃদ্ধই করেছেন। কুড়িয়েছেন দর্শকের হাততালি, সমালোচকদের প্রশংসা, অঢেল পুরস্কার। যে পুরস্কারের শো কেসে আছে অস্কারও।
কিন্তু না, সেই জোলির কথা হচ্ছে না। এ যে অন্য জোলি। পরিচালক...। বলতে পারেন, পরিচালক জোলিকেও তো নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। পরিচালনায় অভিষেক তো তাঁর হয়েছে সেই তিন বছর আগেই। ২০১১ সালে মুক্তি পাওয়া ইন দ্য ল্যান্ড অব ব্লাড অ্যান্ড হানি দিয়ে।
হ্যাঁ, তবু পরিচালক জোলিকে নতুন করে পরিচয় করিয়ে দিতে হচ্ছে। এই জোলি শখের বসে লাইট, ক্যামেরা, অ্যাকশন নিয়ে পড়ে নেই; এই জোলি একেবারেই অন্য রকম। যে জোলি বলছেন, পরিচালনার জন্য অভিনয় ক্যারিয়ারটারই ইতি টেনে দেবেন। যে জোলি শুধু এমনি এমনি সিনেমা বানাতে চান না। সিনেমার মধ্যে দিয়ে নিজের মনের জমে ওঠা কথার বদ্বুদটাও ছড়িয়ে দিতে চান।
‘সিরিয়াস’ পরিচালক জোলি এবার নতুন ছবি নিয়ে আসছেন। এবারের বড়দিনে মুক্তি পাওয়ার অপেক্ষায় থাকা সেই ছবির প্রিমিয়ার হয়ে গেল সম্প্রতি। নাম আনব্রোকেন। প্রথম ছবির মতো এই ছবিরও গল্পের প্রেক্ষাপটে থাকছে যুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ। যে যুদ্ধে নিজেকে একেবারেই অন্য অবস্থায় আবিষ্কার করেছিলেন ১৯৩৬ অলিম্পিকের তারকা লুই জামপেরিনি। যাঁর দৌড় দেখে মুগ্ধ হয়ে খোদ অ্যাডলফ হিটলার ডেকে নিয়ে দেখা করেছিলেন। জামপেরিনি তখনো জানতেন না, তিন বছর বাদে এই হিটলারের বিরুদ্ধেই যুদ্ধে নামতে হবে তাঁকে।
সেই যুদ্ধেই তাঁর প্রাণ যেতে পারত। কাজ করতেন বিমানবাহিনীতে। যুদ্ধে বিধ্বস্ত হয়েছিল তাঁর বিমান। গিয়ে পড়েছিল মহাসাগরে। কিন্তু জামপেরিনি মরেননি। একটা ভেলায় ৪৭ দিন ধরে ভেসে ছিলেন। এরপর আড়াই বছর ধরে জাপানের বিভিন্ন কারাগারে কাটিয়েছেন বন্দীজীবন। তাঁর জীবনের এই গল্পটা নিয়ে ২০১০ সালে আনব্রোকেন নামের একটা জীবনী প্রকাশিত হয়। সেই বই অবলম্বনেই ছবি বানিয়েছেন জোলি। অভিন্ন নামে।
জামপেরিনির জীবন থেকে ছবি বানানোর স্বত্বটা কিন্তু ইউনিভার্সাল পিকচার্স কিনে রেখেছিল সেই ১৯৫৭ সালে। এত দিন ধরে কেউই বানাননি ছবিটা। জোলি যখন প্রথম ছবির এক রকম ব্যর্থতাই কাটিয়ে ওঠার জন্য হন্যে হয়ে গল্প খুঁজছেন, সেই সময় তাঁকে প্রযোজনা সংস্থাটির পক্ষ থেকে ধরিয়ে দেওয়া হলো গল্পটা। জোলিও যেন চমকে উঠলেন, ‘আরে, কখনোই ভেঙে না পড়ার, দাঁতে দাঁত চেপে লড়াই করার এমন একটা গল্পই তো আমি খুঁজছিলাম!’
সত্য কাহিনি অবলম্বনে, তাও আবার যুক্তরাষ্ট্রের অতিপরিচিত একটা মুখ কাহিনির কেন্দ্রে, এর ওপর আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ—পরিচালক জোলির সত্যিকারের লিটমাস টেস্ট হয়ে গেছে এই ছবিতে। সেই কাজটা আরও কঠিন করে তুলতে জোলি নিজেই এই ছবির জন্য কোনো তারকাকে নেননি। কাজ করেছেন একগাদা তরুণের সঙ্গে। মূল চরিত্রে যেমন অভিনয় করছেন ২৪ বছর বয়সী ব্রিটিশ অভিনেতা জ্যাক ও’কনেল।
অস্ট্রেলিয়ায় ছবিটির শুটিং চলার সময় ও’কনেলের খুব কাছের একজন বন্ধুর লিভার ক্যানসার ধরা পড়ে। ও’কনেল কৈশোরে বাবাকে হারিয়েছেন ক্যানসারের কারণে। যে রোগটা জোলির নিজের কাছেও অচেনা নয়। একদিন কী হলো, জোলি হুট করে বললেন, ‘আপাতত আর শুটিং করতে হবে না। যাও, বন্ধুকে দেখে এসো!’ আবার কদিন পরে ও’কনেলের কাছের একগাদা বন্ধুকে নিয়ে এলেন শুটিং লোকেশনেই। ‘আমি ভেতরে ভেতরে ঋণী হয়ে উঠছিলাম। অ্যাঞ্জির ঋণ শোধ করার জন্যই ইচ্ছা হতো ক্যামেরার সামনে নিজের সবটুকু উজাড় করে দিই,’ এই অভিনেতার এমন মন্তব্যই সাক্ষ্য দেয়, পরিচালক হিসেবে জোলির যোগ্যতার।
তাই বলে জোলিকে সহজ-সরল পরিচালক ভাবলে ভুল হবে। আনব্রোকেন-এর সেটে তিনি ছিলেন কখনো সামরিক বাহিনীর কমান্ডোর মতো কঠোর, কখনো আবার মায়ের মতো মমতাময়ীও। পরিচালক জোলিকে তাই সবাই নতুন করে আবিষ্কারই করেছে। জোলির নিজের ক্ষেত্রেও কথাটা সত্যি।
নিজের এই নতুন সত্তাটা এতটাই ছাপ ফেলেছে মনে, জোলি ক্যামেরার সামনে থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত পাকা করে ফেলেছেন। এই দীর্ঘ ক্যারিয়ার পেছনে ফেলে আসার পরও বলছেন, ‘ক্যামেরার সামনে কখনোই স্বাচ্ছন্দ্যবোধ করিনি।’
এই ছবির পর হালকা চালের আরেকটি ছবি নিয়ে আসছেন। সেটারও কাজ চলছে। বাই দ্য সি নামের সেই রোমান্টিক ধাঁচের ছবিতে আবারও ব্র্যাড পিটের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে তাঁকে। ২০০৫ সালে মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ-এর পর এই প্রথম পিটের সঙ্গে জুটি বাঁধা, যে ছবিটা করতে গিয়েই প্রথম প্রেমে পড়েছিলেন দুজনে। যে সম্পর্কটা দীর্ঘ প্রণয় শেষে অবশেষে পরিণয়ে রূপ পেয়েছে কদিন আগে।
বাই দ্য সি তাই হতে পারত জোলির অভিনেত্রী হিসেবে শেষবারের মতো ক্যামেরার সামনে দাঁড়ানো। কিন্তু ‘ক্লিওপেট্রা’ চরিত্রটি নিয়ে জোলি হাজির হচ্ছেন। হয়তো সেটাই হবে তাঁর শেষবারের মতো ‘অ্যাকশন’ কথাটি শোনা। এরপর জোলি নিজেই ‘ডিরেক্টর’ লেখা চেয়ারটায় বসে মাইক্রোফোন হাতে বলবেন, ‘অ্যাকশন!’
রাজীব হাসান
টেলিগ্রাফ অবলম্বনে