জোলির জন্য আবার ধূমপায়ী ব্র্যাড পিট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিনের সঙ্গী অ্যাঞ্জেলিনা জোলির অপছন্দের কারণে ধূমপানে সাময়িক বিরতি টেনেছিলেন হলিউডের অভিনেতা ব্র্যাড পিট। কিন্তু সম্প্রতি জোলির শারীরিক অসুস্থতার কারণে দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে আবার ধূমপান শুরু করেছেন পিট। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে শোবিজস্পাই জানিয়েছে, পিটের ধূমপানের বদভ্যাসকে খুবই অপছন্দ করেন জোলি। এ জন্য সাময়িকভাবে ধূমপান ছেড়েছিলেন তিনি। কিন্তু জোলির বর্তমান শারীরিক অসুস্থতা তাঁকে ভাবিয়ে তুলেছে। অসুস্থ সঙ্গীর দেখভালের পাশাপাশি ছয় সন্তানের যত্ন-আত্তির পুরো দায়িত্ব এখন তাঁর কাঁধে। এ জন্য প্রতিটি মুহূর্ত প্রচণ্ড মানসিক চাপের মধ্য দিয়ে পার করতে হচ্ছে পিটকে। দুশ্চিন্তা ও মানসিক চাপ থেকে মুক্ত থাকতে প্রতিদিন প্রচুর ধূমপান করছেন তিনি।সূত্রটি আরও জানিয়েছে, তবে ইদানীং অত্যন্ত সতর্কতার সঙ্গে ধূমপান করছেন পিট। ঘরের ভেতর একদমই ধূমপান করছেন না। বেশির ভাগ সময় দেখা যাচ্ছে, রাতে বাচ্চারা ঘুমিয়ে পড়ার পর ঘরের বাইরে গিয়ে ধূমপান করছেন পিট। জোলির অপছন্দের কাজটি করে একদমই স্বস্তি পাচ্ছেন না তিনি। তার পরও একরকম বাধ্য হয়েই তাঁকে এটা করতে হচ্ছে।প্রসঙ্গত, ক্যানসারে আক্রান্ত হয়ে ২০০৭ সালে মাত্র ৫৬ বছর বয়সে মৃত্যুবরণ করেছিলেন জোলির মা ও মার্কিন অভিনেত্রী মার্শেলাইন বারট্র্যান্ড। মায়ের কাছ থেকে ‘বিআরসিএওয়ান’ নামের ত্রুটিযুক্ত জিন পেয়েছিলেন জোলি। এই জিনের প্রভাবে ডিম্বাশয় কিংবা স্তন ক্যানসারের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। জোলির ক্ষেত্রেও তেমন ঝুঁকি ধরা পড়ায় বিশেষজ্ঞদের পরামর্শে অস্ত্রোপচারের মাধ্যমে দুটি স্তন অপসারণ করেছেন তিনি। তিন মাস ধরে চলা জোলির এ জটিল অস্ত্রোপচার-প্রক্রিয়া শেষ হয়েছে গত এপ্রিলে। অস্ত্রোপচারের পর তাঁর স্তন ক্যানসারের ঝুঁকি ৮৭ শতাংশ থেকে কমে মাত্র ৫ শতাংশে নেমে এসেছে। কিন্তু এখনো ৫০ শতাংশ ডিম্বাশয় ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এই ঝুঁকির মাত্রা কমাতে এবার অস্ত্রোপচারের মাধ্যমে ডিম্বাশয় অপসারণের পরিকল্পনা করেছেন ৩৭ বছর বয়সী এ তারকা অভিনেত্রী ও নির্মাতা।