জোলির জন্য আড়াই লাখ পাউন্ড দিয়ে ঘড়ি কিনলেন পিট
বাগদত্তা অ্যাঞ্জেলিনা জোলির বিয়ের উপহার হিসেবে বিশ্বের অন্যতম ব্যয়বহুল ঘড়ি কিনলেন হলিউডের অভিনেতা ব্র্যাড পিট। প্যাটেক ফিলিপ মিনিট রিপিটার ঘড়িটি কিনতে তিনি ব্যয় করেছেন আড়াই লাখ পাউন্ড। হাতে তৈরি এ ঘড়িতে ব্যবহার করা হয়েছে সোনা ও মুক্তা। দুই মাস সময় নিয়ে অত্যন্ত যত্নের সঙ্গে ঘড়িটি তৈরি করেছেন সুইজারল্যান্ডের ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠান প্যাটেক ফিলিপের কারিগরেরা। সম্প্রতি এক খবরে এমন তথ্য দিয়েছে কন্ট্যাক্টমিউজিক। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছেন, ‘পিট অনেক দিন ধরেই জোলির জন্য এমন একটি উপহার খুঁজছিলেন, যেটি চিত্রকর্মের মতো সুন্দর এবং খুব কম মানুষই ব্যবহার করে। সুইজারল্যান্ডের ব্যাসেল শহরে একটি মেলায় গিয়ে মনের মতো উপহারটির সন্ধান পান পিট। সেখানে প্যাটেক ফিলিপ মিনিট রিপিটার ঘড়িটি দেখার সঙ্গে সঙ্গে সেটি জোলির জন্য কেনার সিদ্ধান্ত নেন। পরে জেনেভায় ছুটে গিয়ে অত্যাধুনিক ঘড়িটি কেনার বন্দোবস্ত করেন।’ এ বছরের এপ্রিলে বাগদান সেরেছেন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। এখন বিয়ের প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন বহুল আলোচিত এই তারকা জুটি। তারিখ চূড়ান্ত না হলেও ফ্রান্সে অবস্থিত নিজেদের বিলাসবহুল প্রাসাদে বিয়ের অনুষ্ঠানের পরিকল্পনা করেছেন পিট ও জোলি।