জোলির জীবন বাঁচিয়েছেন ব্র্যাড পিটের মা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যানসারের ঝুঁকি কমাতে অস্ত্রোপচারের মাধ্যমে স্তন অপসারণ করেছেন হলিউডের অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। তাঁকে কঠিন এ সিদ্ধান্ত নিতে অনুপ্রেরণা জুগিয়েছিলেন দীর্ঘদিনের সঙ্গী অভিনেতা ব্র্যাড পিটের মা জেন পিট। 

গত বছর ক্রিসমাসের সময় জোলি ও ব্র্যাড পিট সপরিবারে অবকাশযাপনে গিয়েছিলেন যুক্তরাজ্যে। ওই পারিবারিক সফরে জেন পিটও তাঁদের সঙ্গে ছিলেন। সেখানেই একদিন জোলির সঙ্গে আবেগঘন আলাপচারিতার সময় জোলিকে স্তন অপসারণের কথা বলেন জেন।

ওই আলাপচারিতা প্রসঙ্গে বিস্তারিত কিছু জানাতে অপারগতা প্রকাশ করে জেন বলেন, ‘জোলি ও আমার মধ্যে কী কথা হয়েছিল, তা প্রকাশ করা আমার পক্ষে সম্ভব নয়। কারণ, এটা সম্পূর্ণ ব্যক্তিগত ও স্পর্শকাতর একটি বিষয়। শুধু এটুকুই বলব, জোলি শেষ পর্যন্ত এমন কঠিন একটি পথ পাড়ি দেওয়ায় আমরা অনেক খুশি।’

জেন আরও বলেন, ‘সিদ্ধান্ত নেওয়াটা কঠিন হলেও জোলি তা করে দেখিয়েছে। এতে জোলির পাশাপাশি তাঁর সন্তান ও পরিবারের সবাই উপকৃত হয়েছে। আগের চেয়ে এখন অনেকটাই নিশ্চিন্ত সময় কাটাতে পারছে জোলি। এ জন্য আমরা অনেক অনেক খুশি।’

এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে ব্যাংশোবিজ জানায়, ক্যানসারে আক্রান্ত হয়ে ২০০৭ সালে মাত্র ৫৬ বছর বয়সে মৃত্যুবরণ করেছিলেন জোলির মা ও মার্কিন অভিনেত্রী মার্শেলাইন বারট্র্যান্ড। মায়ের কাছ থেকে ‘বিআরসিএওয়ান’ নামের ত্রুটিযুক্ত জিন পেয়েছেন কি না, তা পরীক্ষা করা নিয়ে দ্বিধায় ভুগছিলেন জোলি। এই জিনের প্রভাবে ডিম্বাশয় কিংবা স্তন ক্যানসারের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়।

বিষয়টি নিয়ে জেন পিটের সঙ্গে আলোচনা করেন জোলি। তখন সন্তানদের ভালোর জন্য যেকোনো কঠিন সিদ্ধান্ত নিতে জোলিকে অনুপ্রাণিত করেন জেন। জোলিও এমনটাই চাইছিলেন। জেনের সঙ্গে আলোচনা শেষ হওয়া মাত্রই তিনি প্রয়োজনীয় স্বাস্থ্যপরীক্ষা করানোর সিদ্ধান্ত নেন। পরে স্বাস্থ্যপরীক্ষায় ‘বিআরসিএওয়ান’ জিনের অস্তিত্ব ধরা পড়ায় অস্ত্রোপচারের মাধ্যমে দুটি স্তনই অপসারণের চূড়ান্ত সিদ্ধান্ত নেন জোলি।           

তিন মাস ধরে চলা জোলির এ জটিল অস্ত্রোপচার-প্রক্রিয়া শেষ হয়েছে গত এপ্রিলে। অস্ত্রোপচারের পর তাঁর স্তন ক্যানসারের ঝুঁকি ৮৭ শতাংশ থেকে কমে মাত্র ৫ শতাংশে নেমে এসেছে। কিন্তু এখনো ৫০ শতাংশ ডিম্বাশয় ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে তাঁর। এই ঝুঁকির মাত্রা কমাতে অস্ত্রোপচারের মাধ্যমে ডিম্বাশয় অপসারণেরও পরিকল্পনা করেছেন ৩৭ বছর বয়সী এ তারকা অভিনেত্রী।