জোলির ফরাসিপ্রীতি
সার্বীয় এক পুরুষের সঙ্গে এক বসনীয় নারীর প্রেমের কাহিনি নিয়ে ছবি বানাচ্ছেন হলিউড-অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি—এটা তো পুরোনো খবর। নতুন খবর হলো, এবার জোলি ফরাসি ভাষার প্রেমে পড়েছেন। কারণ, জোলির মা মার্সেলাইন বার্ট্রেন্ড ছিলেন ফ্রান্সের নাগরিক। আর এ প্রেম থেকে সে ভাষার ওপর একটি ছবি নির্মাণের ইচ্ছাও পোষণ করেছেন তিনি। জানা গেছে, জোলি নির্মিত ছবিটি হবে শিল্পসম্মত। ফরাসি ভাষায় ছবি নির্মাণের জন্য ২০১১ সালের মধ্যেই জোলি নিজেকে ওই ভাষায় দক্ষ করে তুলবেন।আরও জানা গেছে, জোলি ছোটবেলায় বেশ চমত্কারভাবে ফরাসি ভাষায় কথা বলতে পারতেন এবং উচ্চারণও ছিল অসাধারণ। ছবি নির্মাণের প্রস্তুতি হিসেবে জোলি বলেন, ‘আমি ফরাসি ভাষা অনুশীলন করছি এবং খুব শিগগির এ ভাষায় নিজেকে দক্ষ করে তুলব। যখন বুঝব যে ভাষাটায় মোটামুটি দক্ষ হয়েছি, তখনই ছবিটি নির্মাণের কাজ শুরু করব।’ সূত্র: টাইমস অব ইন্ডিয়া