জোড়া লাগছে ডেমি-কুচার সম্পর্ক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলিউডের তারকা জুটি ডেমি মুর-অ্যাস্টন কুচারের সম্পর্ক চুকে গেছে বছরখানেক আগে। বিশ্বাস ভঙ্গ আর প্রতারণার জন্য কুচারের সঙ্গে ছয় বছরের সংসার জীবনের ইতি টানার সিদ্ধান্ত, এমনকি আদালতে বিচ্ছেদের আবেদন পর্যন্ত করেছিলেন ডেমি। কিন্তু দিন বদলেছে বোধহয়। সম্প্রতি এ জুটির পুনর্মিলনের আভাস পাওয়া যাচ্ছে। সম্পর্কের ভবিষ্যত্ নিয়ে আলাপচারিতার উদ্দেশ্যে গত এপ্রিল মাসে অন্তত দুবার তাঁরা আলোচনার টেবিলে বসেছেন। গত সপ্তাহেও সাক্ষাত্ করেছেন তাঁরা।এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে রাডার অনলাইন জানিয়েছে, ‘সর্বশেষ গত সপ্তাহে রাব্বি ইয়েহুদা বার্গের জন্মদিনের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ডেমি এবং কুচার। এ জুটির বিয়ের অনুষ্ঠানটি পরিচালনা করেছিলেন রাব্বি।’ রাব্বির জন্মদিনে নিজেদের সম্পর্কের ভবিষ্যত্ নিয়ে দীর্ঘক্ষণ কথাবার্তা চালিয়েছেন ডেমি-কুচার। বিচ্ছেদের পথে হাঁটবেন নাকি আবারও একসঙ্গে যাত্রা শুরু করবেন, সে সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে তাঁরা দুজনই আধ্যাত্মিক পথ নির্দেশনা নেওয়ার ব্যাপারে একমত হয়েছেন।সূত্রটি আরও জানিয়েছে, ‘সেদিন আলোচনায় বসাই ছিল তাঁদের সাক্ষাতের মূল উদ্দেশ্য। তাঁদের বর্তমান সম্পর্কের পরিণতি কী হবে সে বিষয়ে আলোচনা করেছেন ৪৯ বছর বয়সী ডেমি এবং ৩৪ বছর বয়সী কুচার। সম্পর্কের ইতি টানার বিষয়ে যেমন তাঁরা চূড়ান্ত সিদ্ধান্ত নেননি, তেমনি একে অপরের জীবনে আবারও ফিরবেন কি না—সে বিষয়টিও পাকাপাকি করেননি।’ উল্লেখ্য, ২১ মে সোমবার যেদিন তাঁরা আলোচনায় বসেছিলেন, সেদিন নতুন চাঁদ উঠেছিল আকাশে। নতুন চাঁদ ওঠার এই বিষয়টিকে নতুন সম্ভাবনার শুরু হিসেবেই বিবেচনা করা হয়।