জোড়া হিটের মালিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তখন সপ্তম কি অষ্টম শ্রেণীতে পড়তেন আনুশকা শর্মা। বিজ্ঞানে পড়তে হলে ব্যবহারিক ক্লাস তো করতেই হয়। কিন্তু আনুশকার মন উড়ুউড়ু, শুধু খেলাধুলায়ই ঝোঁক তাঁর। ক্লাস ফাঁকি দিয়ে বাস্কেটবল খেলাতেই তাঁর যত নেশা। চটজলদি উপস্থিতির খাতায় সই করে ক্লাস থেকে উধাও হয়ে যেতেন। এ রকম চলে টানা দুই বছর। একদিন স্বাভাবিকভাবেই হাতেনাতে ধরা পড়ে যান। বাবা-মাকে ডাকানো হয়। বাড়িতে বকুনি চলে। কিন্তু ‘বদমাশ’ আনুশকা আর শোধরাননি। স্কুল ছাড়ার আগ পর্যন্ত চলে তাঁর ‘বদমাশি’। বদমাশ কোম্পানি ছবি করতে গিয়ে ছেলেবেলার এ রকম অনেক ‘বদমাশি’র কথাই স্মরণ করেন ২২ বছরের আনুশকা। সম্প্রতি মুক্তি পাওয়া বদমাশ কোম্পানি বক্স অফিসে ভালো করছে এবং হঠাৎ করেই আনুশকাকে অনেকে ভাগ্যদেবী মানতে শুরু করে দিয়েছেন। কারণ যশ রাজ ফিল্মসের বেশ কটি ছবি (নিউইয়র্ক বাদে) গত কয়েক বছরে বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। রানীর তারা রাম পাম, লাগা চুনারি ম্যায় দাগ, দিল বোলে হাড়িপ্পা, মাধুরীর আজা নাচলে কোনোটাই বক্স অফিসের আনুকূল্য পায়নি। ব্যতিক্রম রাব নে বানা দি জোড়ি এবং বদমাশ কোম্পানি। প্রথমটি ব্লকবাস্টার হিট, শেষেরটি হিট। অথচ দুই বছর আগে অভিনয়ের ‘অ’-ও জানতেন না বেঙ্গালুরুর মেয়ে আনুশকা। নিজ মুখেই স্বীকার করেন, ‘টুকটাক মডেলিং করতাম। কস্মিনকালেও ভাবিনি অভিনয় করব। যদি ভাবতাম, তবে অভিনয়ের কোর্স করতাম। অভিনয় নিয়ে পড়াশোনা করতাম। রাব নে বানা দি জোড়ির জন্য যখন ৬০০ মেয়ের সঙ্গে অডিশনে অংশ নিতে হলো, তখন হাড়ে হাড়ে টের পেয়েছি অভিনয় কারে কয়! ভাবতেই পারিনি, এত মেয়ের মধ্য থেকে আমাকে নির্বাচন করা হবে। কারণ একে তো সে ছবির ‘তানি’র মতো আদর্শ ভারতীয় পোশাক-আশাকে আমি স্বচ্ছন্দ নই, তা ছাড়া শাহরুখ খানের পাশে আমাকে লম্বাও মনে হচ্ছিল সবার চেয়ে। কী মনে করে আদিত্য চোপড়া আমাকেই নির্বাচন করলেন। ভীষণ খুশি হয়েছিলাম, কিন্তু শুটিং করতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। সালোয়ার-কামিজ আর শাড়ি পরে কখনোই আমি স্বচ্ছন্দ নই। ওড়না, শাড়ি কিছুই সামলাতে পারতাম না। দেখা যেত, ১৫-১৬টা পিন দিয়ে আমাকে স্থির রাখতে হচ্ছে।’ বদমাশ কোম্পানিতে অবশ্য সে ঝামেলা ছিল না। নিজের ইচ্ছামতো জিনস, টপস পরেছেন আনুশকা। ছবিতে শহীদ কাপুরের বিপরীতে তাঁর জুটির রসায়নও এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। দুজনের পর্দার বাইরের সম্পর্ক নিয়েও চলে কানাঘুষা। এ ব্যাপারে আনুশকা বলেন, ‘শুনতে মজাই লাগে। এর বেশি কিছু বলতে চাই না। তবে অভিনেতা শহীদের ব্যাপারে বলতে পারি, অসম্ভব বন্ধুসুলভ একজন সহশিল্পী। শহীদ এমন একজন অভিনেতা, যার পিঠ চাপড়ে আমি কথা শুরু করতে পারি। শাহরুখ, অক্ষয়ের সঙ্গে যত মধুর সম্পর্কই থাকুক, বয়সের একটা ব্যাপার থাকেই।’ এ ছবিতে আনুশকার অন্তর্ভুক্তি প্রসঙ্গে ছবির নবাগত পরিচালক-অভিনেতা পারমিত শেঠি জানান, তখন সবেমাত্র রাব নে বানা দি জোড়ি মুক্তি পেয়েছে। বদমাশ কোম্পানির গল্প দাঁড় করানোর পর পারমিত বললেন, ‘ছবির বুলবুল চরিত্রের জন্য আমি আনুশকাকে দেখতে পারি। আনুশকাকে অফিসে আসতে বললাম। ও এল। কিন্তু আমি কথা বলব কী, প্রথম ১০ মিনিট আনুশকাই কমা-দাড়ি ছাড়া কথা বলে গেল। ওর এই স্বতঃস্ফূর্ততাই আমাকে মুগ্ধ করেছে।’ অভিনেতা অক্ষয় কুমার বলেন, ‘আনুশকা এ সময়ের প্রীতি জিনতা। গালে “টোল” পড়া থেকে “টম বয়”সুলভ কাজ করা—সব মিলিয়ে আনুশকা আর প্রীতিকে মাঝেমধ্যে আমি গুলিয়ে ফেলি।’ অক্ষয়ের সঙ্গে নিখিল আদভানীর পাতিয়ালা হাউজ ছাড়াও আনুশকার হাতে আছে যশ রাজ ফিল্মসের শাদি মুবারাক হো (রণবীর সিং) এবং ইমতিয়াজ আলীর রকস্টার (রণবীর কাপুর)। প্রথম ছবি করেই আনুশকা জনপ্রিয়তা পেয়েছিলেন। কিন্তু সে বছর সেরা নবাগতার সব পুরস্কার জিতে নিয়েছিলেন গজনীর অসীন। যদিও সমালোচকেরা বলেন, জনপ্রিয়তার দৌড়ে এখন অসীনকে ছাড়িয়ে গেছেন আনুশকা। তবে আনুশকা স্বয়ং এটা মানেন না। তিনি বলেন, ‘অসীন ১০ বছর ধরে দক্ষিণে অভিনয় করছে। অন্যদিকে আমি রাব নে...র আগে অভিনয়ই জানতাম না। অসীন তো আমার থেকে এগিয়ে থাকবেই। পুরস্কার পাওয়া-না পাওয়া নিয়ে আমার কোনো প্রত্যাশা নেই।’ সদাহাস্য, বিনয়ী আনুশকার একটাই স্বপ্ন, ‘অভিনয় করে অনেক অর্থ-কড়ি জমাব। এরপর সেই অর্থ দিয়ে ভ্রমণ এবং খাবার-দাবারের শো প্রযোজনা করব। আমি খুব খেতে ভালোবাসি।’ রুম্মান রশীদ খান
তথ্যসূত্র: ওয়েবসাইট