
ঈদের আগে প্রশ্নটি ছিল, টিউবলাইটজ্বলবে তো? তখন অনেকেই এক্কেবারে নিশ্চিত হয়েই ভবিষ্যদ্বাণী করেছিল যে, ঈদ মানেই তো সালমানের দিন। টিউবলাইটজ্বলবে এবং চলবে। কিন্তু হতাশ করলেন সালমান। ঠিক সত্যিকারের টিউবলাইটের মতো টিমটিমিয়ে একটু জ্বলল ছবিটি, তবে আলো ছড়াল না। এ কথা শুধু দর্শকদের নয়, বলিউড বিশ্লেষক, লগ্নিকারী, পরিবেশক ও ভারতের হলমালিকদের।
১৯৬২ সালে ভারত-চীনের যুদ্ধের পটভূমিতে হলিউডে লিটলবয় ছবির অনুকরণে তৈরি হয়েছে টিউবলাইট। ২৩ জুন মুক্তি পায় এ ছবি। সালমানের আর দশটা ঈদের ছবির মতোই এই টিউবলাইট নিয়েও সবার আগ্রহের কমতি ছিল না। কিন্তু মুক্তির পরপরই ব্যবসা জমিয়ে তুলতে পারেনি ছবিটি। মুক্তির পর প্রথম দিন এ ছবি যে আয় করে তা ছিল সালমানের গত পাঁচ বছরে ঈদে মুক্তি পাওয়া ছবির মধ্যে সর্বনিম্ন। মাত্র ২৪ কোটি রুপি। তা ছাড়া যে সালমানের ছবি মুক্তির ৩ দিনের মাথায় আয়ের দিক থেকে ১০০ কোটি রুপির কোটা ছাড়িয়ে যায়, সেই সালমানের ছবিই গত দুই সপ্তাহে কোনো রকমে ছুঁয়েছে ১৫০ কোটি রুপির মাইলফলক। এই আয় শুধু ভারতের অভ্যন্তরের হিসাব। আন্তর্জাতিক বাজারেও টিউবলাইট-এর অবস্থা নাজুক। প্রায় ৫৮ কোটি রুপির মতো আয় করেছে ছবিটি। তাই এ ছবির পরিবেশকদের রীতিমতো মাথায় হাত। কারণ এটি সালমানের ঈদের একমাত্র ছবি হওয়ায় পরিবেশকেরা অতিরিক্ত লগ্নি করেই ছবিটির প্রদর্শন স্বত্ব কিনেছিলেন প্রযোজকের কাছ থেকে। তাই তো পরিবেশকদের হিসাবে তাঁদের এখন প্রায় ৬০ থেকে ৭০ কোটি রুপির লোকসান গুনতে হচ্ছে।
কিন্তু এই ভরাডুবির কারণ কী? ছবিটি দেখলেই মিলবে এই প্রশ্নের জবাব। নতুন এই ছবিতে সালমান তাঁর দর্শকদের নতুন কিছু দিতে চেয়েছেন। তাই পুরোনো মারদাঙ্গা ব্যক্তিত্ব এ ছবিতে পুরোপুরি ছেঁটে ফেলেছেন তিনি। সেই সঙ্গে কবির খানেরই সফল ছবি বজরঙ্গিভাইজান-এর মতো আবেগের ছোঁয়া রাখতে এ ছবিতেও জুড়ে দেওয়া হয়েছিল এক ফুটফুটে শিশুশিল্পীকে। কিন্তু বজরঙ্গিভাইজান-এর মুন্নীর মতো সাড়া ফেলতে পারেনি ছোট্ট মাতিন। তা ছাড়া অনেক দর্শক রয়েছেন যাঁরা এখনো পঞ্চাশোর্ধ্ব সাল্লুর চওড়া উন্মুক্ত বুকে কোনো তরুণী নায়িকা এলোচুলের খেলা দেখার অপেক্ষায় থাকেন। তাঁদের জন্য টিউবলাইট সবচেয়ে হতাশাজনক ছবি। (স্পয়লার) কারণ চীনা অভিনেত্রী জু জুর সঙ্গে একটিবারের জন্য করমর্দন ছাড়া আর কোনো রসায়নই সালমানকে গড়তে দেননি পরিচালক। অনেকের কাছে আবার এ-ও মনে হতে পারে যে সালমানের জন্য হয়তো ভাই সোহেল খানই ‘অপয়া’। কারণ এর আগে এমন ভরাডুবি কিন্তু হয়েছিল সোহেল পরিচালিত জয়হো ছবির বেলায়।
এ ছবি শুধু উতরে গেছে আবেগের কারণে। এর বাইরে সালমান খানের অভিনয়, সোহেল খানের উপস্থিতি, প্রতিটি চরিত্রের ভাসা-ভাসা আবেগ আর প্রতি দৃশ্যের একটি করে আদর্শের বাণী নিছক বিনোদনের আশায় সিনেমা দেখতে আসা দর্শকদের মন ভেঙেছে। সোলার লাইটের এই যুগে, টিউবলাইটের এমন জ্বলা নেভা অনেককেই করেছে বিরক্ত।
আদর রহমান
বলিউড হাঙ্গামা, ইন্ডিয়ান এক্সপ্রেস ও এনডিটিভি অবলম্বনে