জ্বলে ওঠা তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাত্র কয়েক মিনিটের দৃশ্যে চোখ আটকে গেছে কিংবা আলাদা করে নজর কেড়েছে কারও কারও অভিনয়! ছোট পর্দায় গুটিগুটি পায়ে পথচলা শুরু করেছেন অনেকে। কিংবা বছরজুড়েই ছিলেন সরব। নাটক ও টেলিছবিতে কাজের মাধ্যমে জানান দিয়েছেন, সম্ভাবনার আলো হয়ে ভবিষ্যতে তাঁরা আসছেন। ভবিষ্যতের ছোট পর্দায় তাঁরাই থাকবেন। গেল বছরের সম্ভাবনাময় নতুন অভিনয়শিল্পীদের কয়েকটি নাটক দেখে সেগুলোর ব্যবচ্ছেদ করা হলো এই প্রতিবেদনে।

ঈশিকা খান

ঈশিকা খান
ঈশিকা খান

‘যেতেই যদি হয়, আমি মরণের পর এ বাড়ি ছেড়ে চলে যাব’। কৃষ্ণকলি নাটকে স্বামীর উদ্দেশে এই সংলাপটি ঈশিকা খানকে নতুন করে চেনাল। গেল এক বছরে অনেক নাটকেই অভিনয় করেছেন সবে অভিনয়জগতে পা রাখা ঈশিকা। কিন্তু শ্রাবণী ফেরদৌসের রচনা এবং ডি এ তায়েবের পরিচালনায় নাটকটিতে যেভাবে ভেঙেছেন নিজেকে, আর কোনো নাটকে ততটা সুযোগ সম্ভবত পাননি তিনি। নাটকে ঈশিকা খান কালো বর্ণের মেয়ে। শুধু কালো বলেই নাটকজুড়ে তাঁকে সেই গ্লানি বয়ে বেড়াতে হয়েছে। নাটকের শুরুতে কলেজশিক্ষার্থী হয়ে পর্দায় এসে শেষ হয়েছেন একজন মানসিক প্রতিবন্ধী রোগী হয়ে। পুরো নাটকে তাঁর মনস্তাত্ত্বিক ও পারিবারিক টানাপোড়েন বুঝিয়ে দিয়েছে, ‘কালো’ হলে একজন মেয়ে কতটা অসহায় হয়ে পড়ে।
শুধু গায়ের রং কালো বলে তাঁকে বারবার অপমানিত হতে হয়েছে, ধোঁকা খেতে হয়েছে। এ কারণে প্রেমিক হতে চাওয়া তৌসিফের সঙ্গে প্রেমটাও গাঢ় হয়নি। এরপর হুট করেই বিয়ে, বাসর রাতে স্বামীর তিরস্কার। এরপর থেকেই অনবরত নির্যাতন। একটি সন্তানের প্রত্যাশায় পুতুল হাতে একজন মানসিক রোগীর আকুতির অভিনয় ঈশিকার নতুন পরিচয়ই সম্ভবত বহন করেছে। ঈশিকা বলেন, ‘এ বছর কৃষ্ণকলি নামে দুটি ধারাবাহিকে কাজ করেছি। কিন্তু সাড়া পড়ে গেছে একটাতে। কাজটা করতে গিয়ে টের পেয়েছি, কালো মেয়েরা সমাজে অবহেলার শিকার হন।’

তৌসিফ মাহবুব

তৌসিফ মাহবুব
তৌসিফ মাহবুব

তৌসিফের কাছে সেরা কাজের বিষয়ে জানতে চাইলে প্রথমেই বললেন, রুমমেট নাটকটি গেল বছরে তাঁর করা সেরা কাজ। কারণ কী? বললেন, নাটকটি ট্রেলার দেখে শুরুতে সমালোচিত এবং প্রচারের পর আলোচিত হয়েছে। কিন্তু নাটকটির জন্য অনেক প্রশংসা কুড়িয়েছেন তৌসিফ। নাটকে তৌসিফ হাবাগোবা প্রেমিক। সাত-পাঁচ বোঝেন না, কিন্তু ঠিকই ভুলিয়ে-ভালিয়ে বাসায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন প্রেমিকা শবনম ফারিয়াকে। ‘প্রাইভেসি’ পাওয়ার আশায় লাভ পয়েন্ট নিয়ে ছাতা হাতে আড়ালে বসে প্রেম করার আকুতির দৃশ্যটা বেশ ভালোই ফুটিয়েছেন তিনি। জ্বরের ভান করে প্রেমিকাকে বাসায় নিয়ে আসার চেষ্টাটাও বেশ। শেষে অবশ্য নিজের ভুল বুঝতে পেরে শোধরানোর অভিনয়ও চোখে পড়ার মতো।
ফাস্ট ফরোয়ার্ড নাটকে অবশ্য অন্য তৌসিফ। ক্যাম্পাসের দুষ্টু শিক্ষার্থী। যাঁর সঙ্গে প্রেমের রসায়নে মিলেছেন শান্তশিষ্ট স্পর্শিয়া। প্রেমিকাকে মুগ্ধ করার অভিনয়ে বেশ উতরে গেছেন তৌসিফ।
সাবিলা নূর

সাবিলা নূর
সাবিলা নূর

বছরজুড়ে অনেক নাটকে অভিনয় করলেও সাবিলা নূর এগিয়ে রাখলেন মাংকি বিজনেস, বাকরখানি আর ভালোবাসার ভূত ও ভবিষ্যৎ নামে তিনটি নাটক ও টেলিছবিকে। কিন্তু আগের দুটিতে পাওয়া গেছে গড়পড়তা সাবিলা নূরকে। ভালোবাসার ভূত ও ভবিষ্যৎ নাটকে তিনি ভিন্ন মাত্রার অভিনেত্রী। নাটকটির শুরুই হয়েছিল অ্যালেন-সাবিলার প্রেম-বিচ্ছেদের মাধ্যমে। যেনতেন বিচ্ছেদ নয়, একেবারে কান্নায় ‘গড়াগড়ি’ খাওয়া বিচ্ছেদ। অবশ্য এই গড়াগড়ির বিষয়টি পর্দায় উপস্থাপন বেশ ভালোই করেছেন সাবিলা। সম্পর্ক ভেঙে যাওয়ার পর অ্যালেন আর প্রেম করতে পারেন না। এতে সাবিলা ‘অপয়া’ বা ‘অভিশপ্ত’ মেয়ে হিসেবে প্রতিষ্ঠিত হন অ্যালেনের কাছে। নতুন প্রেম ঠিক রাখতে পুরোনো প্রেমিককে অবশেষে একটা ‘গার্লফ্রেন্ড’ জুটিয়ে দেন সাবিলা। কিন্তু সাবেক প্রেমিকের সামনে আরেকটি মেয়েকে বসিয়ে দিয়ে চলে যাওয়ার মুহূর্তের চাহনিটি, কিংবা চোখের ভাষা বলে দেয়, পাকা অভিনেত্রীর তকমাটা লাগতে আর বেশি বাকি নেই তাঁর। কিন্তু পুরো নাটকে তাঁর বাড়তি মেকআপ চোখে লেগেছে। পাকা অভিনেত্রী হতে গেলে শুধু অভিনয়ই নয়, সাবিলাকে নিজের মেকআপের দিকেও একটু নজর দিতে হবে।

শবনম ফারিয়া

শবনম ফারিয়া
শবনম ফারিয়া

বৃষ্টিতে ভিজছিলেন অভিনেত্রী শবনম, নেপথ্যে বাজছিল রবীন্দ্রসংগীত। এমন দৃশ্যে অনেক অভিনেত্রীকেই দেখা গেছে। শবনম ফারিয়ার ব্যাপারটা একটু আলাদা। কেন? সেটা বরং নাটকটি দেখলেই ভালো বোঝা যাবে। নাটকের নাম প্রতীক্ষা। নাটকের গল্প টেলিফোনে রং নম্বরে যোগাযোগ, প্রেম এবং প্রেম-পরবর্তী অপেক্ষার। ঝানু অভিনেতা রিয়াজের বিপরীতে শবনমের অভিনয় এক উচ্ছল ও প্রাণবন্ত প্রেমিকার।
শুধু এই নাটকেই নয়, শবনম উতরে গেছেন মায়া নাটকের নাম ভূমিকায় অভিনয় করে। স্বামী নাঈমকে কড়া শাসনে রেখে তিনি বুঝিয়ে দিয়েছেন, তিনি কতটা কড়া অভিনেত্রী হতে চলেছেন। কিন্তু তিনি আসলে পুরো নাটকেই একটি ‘মৃত’ চরিত্র। একই সঙ্গে হুমায়ূন আহমেদের ভালোবাসার গল্প নাটকে দেখা গেছে আরেক ফারিয়াকে। সেই ফারিয়া ভালোবাসার দোটানায় হিমশিম খেয়েছেন বারবার।

তানজিন তিশা

তানজিন তিশা
তানজিন তিশা

বিছানায় শুয়ে ঘুম জড়ানো কণ্ঠে মুঠোফোনে কথা বলার অভিনয়ে তিশাকে বেশ মানিয়েছে। নাটকের ক্ষেত্রে ছোট্ট এবং নিয়মিত একটি দৃশ্য। অথচ এই একটি দৃশ্য অন্য রকম হয়ে যায় তানজিন তিশার কারণে। এটার পেছনে অবশ্য এই অভিনেত্রীর কণ্ঠস্বরের অবদান আছে। এই অন্য রকম কণ্ঠস্বরের কারণে কি না কে জানে, পরপর দুটি নাটকে প্রায় একই রকম দৃশ্যে দেখা গেছে তাঁকে। আপন কথা ও অন্তর্জাল নামের দুটি নাটকেই তানজিন তিশা উপস্থিত হলেন মুঠোফোনে ঘুম জড়ানো কণ্ঠে কথা বলার মাধ্যমে।
এখানেই শেষ নয়, আপন কথা নাটকে বহুদিন পর অজানা বাবার সঙ্গে পরিচয়ের মুহূর্তে হুড়মুড় করে ভেতর থেকে দাপিয়ে আসা কান্নার দৃশ্যটা দর্শকদের মনে থাকবে অনেক দিন।
পাঁচজন সম্ভাবনাময় নবীন অভিনয়শিল্পীর কিছু ভালো কাজের রসায়ন নিয়ে আলোচনা হলো। তাঁরা তাঁদের কাজগুলো দিয়েই ব্যতিক্রমী হয়েছেন। অভিনয়শৈলী দিয়ে সামনের দিনগুলোয় টেলিভিশন নাটকের বড় জায়গায় তাঁরা স্থান করে নিলে তাতে অবাক হওয়ার কিছু থাকবে না।
হাবিবুল্লাহ সিদ্দিক