
হিউ জ্যাকম্যানের সঙ্গে মিসবাহ-উল হকের পরিচয় থাকার সম্ভাবনা কম। দুজন অবশ্য দুজনের নাম শুনে থাকলেও থাকতে পারেন। জ্যাকম্যান অস্ট্রেলিয়ার মানুষসূত্রে ক্রিকেটের হালফিল খবর নিশ্চয়ই রাখেন। আর হলিউডি নায়ককে কেন চিনবেন না মিসবাহ? যদিও এই চেনার চৌহদ্দি ব্যক্তিগত পরিচয়ের দুয়ার পর্যন্ত বিস্তৃত হওয়ার সম্ভাবনা ক্ষীণ। কিন্তু তার পরও জ্যাকম্যানের কষ্টটা নিশ্চয়ই অনুভব করতে পারেন মিসবাহ। অনেক রহস্য হলো। এবার একটু খোলাসা করা যাক। এই সেদিন ৯৬ রান করে মিসবাহ অপরাজিত থাকলেন সঙ্গীর অভাবে। একটুর জন্য সেঞ্চুরি পাওয়া হলো না। ‘একটুর জন্য’র এই আক্ষেপে পুড়েছেন জ্যাকম্যানও। আজন্ম আরাধ্যের অস্কারটা যে পেতে পেতেও পাওয়া হয়নি তাঁর। লা মিজারেবল-এ অবিশ্বাস্য অভিনয় করেছিলেন জ্যঁ ভালজ্যঁ চরিত্রে। কিন্তু প্রথমবারের মতো অস্কারের নমিনেশনটার শিকে ছেঁড়েনি। এ নিয়ে জ্যাকম্যানের মনে দুঃখ আছে। গেল অস্কারটায় সত্যিই আশায় বুক বেঁধেছিলেন। লা মিজারেবল-এ তাঁর সহশিল্পী রাসেল ক্রো নিজে রীতিমতো অস্কার বিশেষজ্ঞ। ১৯৯৯ সাল থেকে টানা তিন বছর সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছিলেন, এর মধ্যে জিতেছেন একবার। তাসমান প্রতিবেশী, নিউজিল্যান্ডের ক্রোর কাছে জ্যাকম্যান জানতে চেয়েছিলেন নিজের সম্ভাবনা সম্পর্কে। ক্রো বেশ পিঠ চাপড়ে দিয়ে বলেছিলেন, এবার সেই স্বপ্নের সোনালি মূর্তিটায় চুমু এঁকে দিতে পারবেন জ্যাকম্যান। কিন্তু হলো না। জ্যাকম্যানের অবশ্য দাবি, এই হতাশা তিনি পেছনে ফেলে এসেছেন বহু আগেই। কিন্তু এ-ও তো সত্যি, এই দুঃখের ক্ষতে প্রলেপ বোলানো সত্যিই কঠিন। ইংল্যান্ড থেকে অস্ট্রেলিয়ায় প্রবাসী হয়েছিলেন তাঁর মা-বাবা। বাবা এবং পাঁচ সন্তানকে ফেলে মা আবার ফিরে গিয়েছিলেন ইংল্যান্ডে। বাবার কাছেই সেই ছোট্টটি থেকে মানুষ। জীবনমুদ্রার রুক্ষ দিকটা সেই শৈশবেই দেখে ফেলেছিলেন বলে পাওয়া না-পাওয়ার সমীকরণে খুব একটা বেদনাহত হন না। তবে সেই ছোট্টটি থেকেই পৃথিবীর প্রতি অসহ্য রাগ জ্যাকম্যানের। সেই রাগের কিছুটার খোঁজ মেলে তাঁর উলভেরাইন চরিত্রে। দেখা মিলবে আগামীকাল মুক্তি পেতে চলা দ্য উলভেরাইন ছবিতে। এবার আর ‘এক্স-মেন’ সিরিজের অংশ হয়ে নয়, দ্য উলভেরাইন স্বতন্ত্র একটি ছবি হিসেবেই মুক্তি পাচ্ছে। লা মিজারেবল-এর পরপরইদ্য উলভেরাইন। রীতিমতো রাত আর দিনের তফাত। ধ্রুপদি সাহিত্য থেকে একেবারে চিপসের কুড়কুড়ে মুড়মুড়ে স্বাদের মতো কমিক। শুধু ছবি দুটোর ধারাগত পার্থক্যে নয়, দুটি একেবারেই ভিন্নমুখী চরিত্রের জন্য প্রস্তুতি নেওয়াটা জ্যাকম্যানের জন্য ছিল রীতিমতো বিরাট চ্যালেঞ্জ। ফেরারি জ্যঁ ভালজ্যঁ চরিত্রটির জন্য ওজন কমাতে হয়েছিল, রোগাশোকা একজন মানুষ হিসেবে তৈরি করতে হয়েছিল। কিন্তু সুপার হিরো উলভেরাইনের জন্য আবার দরকার পড়েছে ‘সিক্সপ্যাক’!
উলভেরাইন ওরফে লোগান হচ্ছে খতরনাক এক ঘাতক। ধারালো নখ নিয়ে জন্মানো একজন ‘মিউট্যান্ট’। নিজে থেকেই ক্ষত সারিয়ে নেওয়ার অলৌকিক ক্ষমতার অধিকারী। ফলে, কার্যত অমর। সরকারের বিশেষ এক মিশনে নেওয়া হয় স্মৃতি হারিয়ে ফেলা উলভেরাইনকে। শুভর পক্ষে লড়াই করতে উলভেরাইন একসময় যোগ দেয় মিউট্যান্ট সুপারটিম দ্য এক্স-মেন দলে। কিন্তু নিজের ধোঁয়াশামাখা অতীত আর পশুপ্রবৃত্তির যন্ত্রণায় সব সময় পুড়তে থাকে সে।
বোঝাই যাচ্ছে, এই চরিত্রের জন্য কীভাবে নিজের খোলনলচে আবার পাল্টে ফেলতে হয়েছিল জ্যাকম্যানকে। ওজন বাড়াতে কী কী খাচ্ছেন, সেসব জিবে-জল-এনে-দেওয়া খাবারের একটি ছবি কদিন আগে পোস্ট করেছিলেন টুইটারে।
এই সিরিজে কাজ করছেন ১৩ বছর হলো। কিন্তু এবারই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবার পুরো এক্স-মেন নয়, উলভেরাইনের একার কাঁধেই মিশন। সেটা বক্স অফিসে ঝড় তোলার ক্ষেত্রেও ভীষণভাবে সত্যি। দায়িত্ব আরও বাড়ছে। কারণ, ২০০৯ সালে এক্স-মেন অরিজিনস: উলভেরাইন ছবিটি প্রত্যাশিত সাফল্য পায়নি। দায়িত্ব আরও বাড়ছে। কারণ, শুধু এই ছবির মূল চরিত্রেই নয়, জ্যাকম্যান যে কাজ করছেন প্রযোজক হিসেবেও!
এত এত চ্যালেঞ্জ, জ্যাকম্যান প্রস্তুত!
l রাজীব হাসান
হলিউড রিপোর্টারঅবলম্বনে