জ্যাকসন কন্যা প্যারিসের আত্মহত্যার চেষ্টা

প্যারিস জ্যাকসন
প্যারিস জ্যাকসন

পপ কিং মাইকেল জ্যাকসনের কন্যা প্যারিস জ্যাকসন (১৫) গতকাল বুধবার আত্মহত্যার চেষ্টা করার পর তাকে আশঙ্কাজনক অবস্থায় ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার পর এ ব্যাপারে আর কেউই মুখ খোলেনি। হাসপাতালে চিকিত্সাধীন প্যারিস ক্রমশ সেরে উঠছে। এক খবরে জানিয়েছে রয়টার্স।
এদিকে প্যারিসের আত্মহত্যার চেষ্টার খবরটি জানাজানি হওয়ার পরপরই জ্যাকসন পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে। মাইকেল জ্যাকসনের মা ক্যাথরিনের এক মুখপাত্রের বরাতে এ খবর জানিয়েছে এনডিটিভি। জানা গেছে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের কাছে মাইকেল জ্যাকসনের কালাবাসের বাড়িতেই প্যারিস আত্মহত্যার চেষ্টা করেছিল।
আত্মহত্যার চেষ্টার আগে মঙ্গলবার প্যারিস বিখ্যাত ব্যান্ড বিটলসের একটি গানের কথা টুইট করেছিল। আরেকটি টুইট বার্তায় প্যারিস লিখেছিল ‘আমি নিজের চোখের লোনাজলের স্বাদ অনুভব করছি।’

পপ কিং মাইকেল জ্যাকসনের মেয়ে প্যারিস জ্যাকসন ‘লন্ডন ব্রিজ অ্যান্ড দ্য থ্রি কিস’ ছবিতে অভিনয় করেছে।

আত্মহত্যার কারণ সম্পর্কে স্থানীয় বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, নিজের বাড়িতে ছুরি দিয়ে নিজের কবজি কেটে ফেলেন প্যারিস। তার কবজিতে একাধিক ক্ষতচিহ্ন পাওয়া গেছে। আত্মহত্যার উদ্দেশ্যে অত্যধিক ঘুমের ওষুধও সেবন করেছিল প্যারিস। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে।

জ্যাকসনের মা ক্যাথরিনের মুখপাত্র এবং পরিবারের আইনজীবী পেরি স্যানডার্স জানিয়েছেন, প্যারিস অত্যন্ত সংবেদনশীল। বাবার মৃত্যুর পর থেকেই হতাশায় ভুগছিল সে। প্যারিসের বর্তমান শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই দাবি করেছেন স্যানডার্স। গড়পড়তা টিনএজ সমস্যার পাশাপাশি কিছুটা একাকীত্বে ভুগছিল প্যারিস। প্যারিস এক টুইটে লিখেছিল, ‘গতকাল মনে হচ্ছিল আমার সমস্ত সমস্যা দূরে সরে যাচ্ছে। আজ মনে হচ্ছে তারা এখানে থাকার জন্যই এসেছে।’