জ্যাকসনের সন্তানদের ‘বাড়িছাড়া’ রহস্য!
‘পপ কিং’ মাইকেল জ্যাকসনের সন্তানদের ‘বাড়িছাড়া’ করতে চেয়েছিলেন জ্যানেট, র্যান্ডি ও জারমেইন জ্যাকসন—সম্প্রতি এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করে ‘পিপল’ ম্যাগাজিন জানিয়েছে, ২৩ জুলাই সেখানে মারামারির ঘটনাও ঘটেছে। এর পরিপ্রেক্ষিতে পুলিশও ডাকা হয়েছিল জ্যাকসনের মা ক্যাথরিন জ্যাকসনের বাড়িতে। অবশ্য ক্যাথরিনের অনুপস্থিতির সময়েই তাঁর লস অ্যাঞ্জেলেসের বাড়িতে এমন সব ধুন্ধুমার কাণ্ড ঘটেছে।জ্যাকসনের মৃত্যুর পর থেকে তাঁর সন্তানদের দেখভালের দায়িত্ব পালন করছেন ক্যাথরিন। তিনি এ ঘটনার সময় অ্যারিজোনায় মেয়ে রেবির বাড়িতে ছিলেন। আর সেই সুযোগে জ্যাকসনের সন্তানদের বাড়ি থেকে বের করে দিতে উদ্যত হন ক্যাথরিনের তিন সন্তান—জ্যানেট, র্যান্ডি ও জারমেইন।হট্টগোলের একপর্যায়ে জ্যাকসন পরিবারের দুই সদস্যের মধ্যে হাতাহাতি শুরু হলে বাড়ি থেকে পুলিশে ফোন করা হয়েছিল।এ প্রসঙ্গে লস অ্যাঞ্জেলেস পুলিশের মুখপাত্র স্টিভ হুইটমোর জানিয়েছেন, ‘২৩ জুলাই জ্যাকসন পরিবারের দুই সদস্য হাতাহাতিতে জড়িয়েছেন—এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। অবশ্য কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে এ ঘটনায় একটি রিপোর্ট পুলিশের খাতায় লিপিবদ্ধ করা হয়েছে। তিনি বলেন, এখন ঘটনা নিয়ে তদন্ত চলছে।’এদিকে ক্যাথরিনের আইনজীবী সান্ড্রা এল রিবেরা এক বিবৃতিতে জানিয়েছেন, ‘ক্যাথরিনের বাড়ির গেট ভেঙে গাড়িতে করে ভেতরে ঢুকে পড়েন অভিযুক্ত ব্যক্তিরা। ওই গাড়ি জ্যাকসনের সন্তানদের বহনকারী এসইউভি গাড়িটিকে পেছন থেকে ধাক্কা দেয়।’ উল্লেখ্য, কয়েক দিন ধরেই অদ্ভুত সব কাণ্ড ঘটছে জ্যাকসন পরিবারে। ২১ জুলাই ক্যাথরিনের নিখোঁজ হওয়ার কথা জানিয়েছিলেন তাঁর ভাইয়ের ছেলে ট্রেন্ট জ্যাকসন। পরে জ্যাকসনকন্যা প্যারিসও তাঁর দাদি ক্যাথরিনের নিখোঁজ হওয়ার কথা জানান টুইটারে। অবশ্য অ্যারিজোনা পুলিশ জানিয়েছে, ক্যাথরিন তাঁর মেয়ের বাড়িতে আছেন।