জ্যাকুলিন ফার্নান্দেজের ‘রোমান হলিডে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের বাবা তাঁর মেয়ের জন্য গর্বিত হতেই পারেন। সম্প্রতি বাবার ইচ্ছে পূরণের জন্য ইতালির ঐতিহাসিক শহর রোম ভ্রমণের পরিকল্পনা করেছেন এ শ্রীলঙ্কান সুন্দরী। বাবার জন্মদিন উদযাপন করতে রোমান অবকাশযাপনের এই উদ্যোগ নিয়েছেন জ্যাকুলিন। চলতি মাসের শেষের দিকে বাবাকে নিয়ে ইতালি যাচ্ছেন এ ‘হাউসফুল’ তারকা। এক খবরে এমনটিই জানিয়েছে ‘মিড-ডে’। এ প্রসঙ্গে ২৭ বছর বয়সী জ্যাকুলিন জানান, ‘বাবার সঙ্গে রোম শহরে ঘুরে-বেড়ানোর প্রস্তুতি শেষ করেছি। এ মাসের শেষের দিকে আমরা সেখানে যাচ্ছি। এজন্য আমি অনেক বেশি উচ্ছ্বসিত। বাবার অনেক দিনের ইচ্ছে, রোম শহর ঘুরে দেখার। অবশেষে তাঁর সেই ইচ্ছেপূরণ হতে চলেছে।’ এদিকে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, কাজের প্রচণ্ড চাপের কারণে পরিবারের সদস্যদের খুব বেশি সময় দিতে পারেন না জ্যাকুলিন। সম্প্রতি তিনি জানতে পেরেছেন, নিজের চোখে ইতালির রাজধানী রোম দেখার ইচ্ছে প্রকাশ করেছেন তাঁর বাবা। বাবার ইচ্ছে বলে কথা! বিষয়টি জানার সঙ্গে সঙ্গে লক্ষ্মী মেয়ের মতো ইতালি ভ্রমণের পরিকল্পনা করে ফেলেছেন তিনি।সূত্রটি আরও জানিয়েছে, এমন সুন্দর একটি উদ্যোগের ক্ষেত্রে ভাগ্যদেবীও সুপ্রসন্ন হয়েছেন জ্যাকুলিনের ওপর। শিডিউল অনুযায়ী কিছুদিনের জন্য কাজ থেকে দূরে থাকার সুযোগ আছে তাঁর। এই সুযোগটাকে পুরোপুরি কাজে লাগিয়েছেন তিনি।