জ্যাকুলিনের 'খান' প্রীতি

সালমান খানের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ‘কিক’ ছবিতে তাঁর সহ-অভিনেত্রী ও সাবেক মিস শ্রীলঙ্কা জ্যাকুলিন ফার্নান্দেজ। এখন পর্যন্ত যাঁদের সঙ্গে অভিনয় করেছেন তার মধ্যে সবচেয়ে চমত্কার সহ-অভিনেতা হিসেবে সালমানের নাম উল্লেখ করেছেন লঙ্কান এ সুন্দরী। শুধু তাই নয়, সালমানের পর বলিউডের আরও দুই খান শাহরুখ এবং আমিরের সঙ্গেও অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছেন ২৮ বছর বয়সী জ্যাকুলিন।
সালমান সম্পর্কে জ্যাকুলিনের মন্তব্য, ‘সালমান খানের সঙ্গে ‘কিক’ ছবিতে অভিনয়ের সুযোগ পেয়ে নিজেকে অনেক বেশি ভাগ্যবান মনে করছি। এখন পর্যন্ত তাঁর মতো চমত্কার সহ-অভিনেতা আর কাউকেই মনে হয়নি আমার। তাঁর সঙ্গে অনেক স্বাচ্ছন্দ্য নিয়ে কাজ করেছি আমি। অনেক অভিনেতা ও অভিনেত্রীই সালমানের হাত ধরে বলিউডে প্রতিষ্ঠিত হয়েছেন। সালমানের সঙ্গে কাজ করার পর এখন আমার সামনে কাজ করার জন্য অনেক দরজা খুলে গেছে। এখন আমি আমার ভবিষ্যত্ নিয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী।’
জ্যাকুলিন আরও বলেন, ‘কেবলমাত্র সালমানের সঙ্গে একটি ছবি করে আমি সুপারস্টার হতে পারব না। আমাকে ভালো ভালো ছবিতে কাজ করা অব্যাহত রাখতে হবে। কাজের গতি ধরে রাখতে আমাকে আরও অনেক পরিশ্রম করতে হবে। এখন আমি বলিউডের অন্য খানদের সঙ্গেও অভিনয় করতে চাই।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।
পুরোদস্তুর অ্যাকশন ঘরানার ‘কিক’ ছবিতে সালমানের বিপরীতে অভিনয় করেছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। আরও অভিনয় করেছেন রণদীপ হুদা, মিঠুন চক্রবর্তী, নওয়াজউদ্দিন সিদ্দিকী, অর্চনা পূরণ সিং প্রমুখ। এ ছাড়া ছবির ‘ডেভিল-ইয়ার না মিলে’ আইটেম গানে অংশ নিয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন মডেল ও বলিউডের অভিনেত্রী নার্গিস ফাখরি।
‘কিক’ ছবির সংগীত পরিচালনা করেছেন ইয়ো ইয়ো হানি সিং, হিমেশ রেশমিয়া ও সংগীত পরিচালক ত্রয়ী মিট ব্রস অঞ্জন। ছবির সূচনা সংগীতে কণ্ঠ দিয়েছেন হানি সিং। এ ছাড়া মিট ব্রস অঞ্জনের সংগীত পরিচালনায় ‘হ্যাংওভার’ গানে শ্রেয়া ঘোষালের সঙ্গে কণ্ঠ দিয়েছেন সালমান খান। ছবির ‘তু হি তু’ গানেও কণ্ঠ দিয়েছেন সালমান। এ ছাড়া ছবির ‘জুম্মে কি রাত’ গানে কণ্ঠ দিয়েছেন মিকা সিং ও পলক মুছাল। ঈদ উপলক্ষে ‘কিক’ মুক্তি পাচ্ছে ২৫ জুলাই।