জ্যাজ ও ব্লুজের প্রথম উৎসবই পেল সাফল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্যাজ অ্যান্ড ব্লুজ উৎসবের তৃতীয় দিন। গাইছেন ফরাসি শিল্পী চায়না মোজেস। ছবি: সাজিদ হোসেন
জ্যাজ অ্যান্ড ব্লুজ উৎসবের তৃতীয় দিন। গাইছেন ফরাসি শিল্পী চায়না মোজেস। ছবি: সাজিদ হোসেন

উৎসব শেষ হলেও তাঁর রেশ রয়ে গেছে, রয়েছে তার উচ্ছ্বাস। বাংলাদেশের মতো দেশে এত বড় আর উন্মুক্ত ময়দানে জ্যাজ-ব্লুজের মতো সংগীত নিয়ে তিনটি রাত! কীভাবে যেন প্রথম আয়োজনটা ক্লিক করে গেল। আয়োজক প্রতিষ্ঠান ব্লুজ কমিউনিকেশনসের ফেসবুক পাতায় জন ম্যাকলাফলিন, চায়না মোজেস, লুইস ব্যাংকসের মতো বিশ্বখ্যাত শিল্পীদের করা ইতিবাচক মন্তব্যই বলে দেয়, ঢাকার শ্রোতাদের প্রতি তাঁরা সন্তুষ্ট। বিশ্বের খুব কম জায়গায় এত বড় মাঠে জ্যাজ-ব্লুজ উৎসব হয়। বিদেশে জ্যাজ গানের আয়োজনগুলো করা হয় গলির ভেতরের চেম্বারে। সেখানে ঢাকায় বিস্তৃত খোলা ময়দানে বেজে উঠল স্যাক্সোফোন আর গ্র্যান্ড পিয়ানো।
কে জানত, যে বাংলাদেশিরা সারা রাত জেগে শাস্ত্রীয় সংগীত শোনেন, তাঁরাই আবার জ্যাজ-ব্লুজের মতো অচেনা যন্ত্রের অচেনা সুর-সংগীতের সঙ্গে নেচে উঠবেন!
বসুন্ধরা বিদ্যালুর, সাই মাইস্ট্রো ট্রিওর, জন ম্যাকলাফলিনেরা আমাদের সংগীতপ্রেমীদের নতুন করে শোনার কথা ভাবিয়েছেন। তবে আইয়ুব বাচ্চুর এবি ব্লুজ ও অর্ণব অ্যান্ড ফ্রেন্ডসের কাছে শ্রোতাদের প্রত্যাশা ছিল আরও খানিকটা বেশি।
৫ থেকে ৭ নভেম্বরে অনুষ্ঠিত হওয়া এই উৎসব সফল হওয়ায় যারপরনাই আনন্দিত বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের। তিনি জানান, ‘ভাবতেই পারিনি এত মানুষ আসবেন। রক হলেও কথা ছিল। কিন্তু ব্লুজের মতো ব্যতিক্রমী সংগীতের আয়োজনের প্রথমবারই এত সাড়া পাওয়া যাবে, ধারণাই ছিল না। আমন্ত্রিত দলগুলোও ছিল দারুণ। অভিভূত করেছে প্রচুর বিদেশি দর্শক-শ্রোতার উপস্থিতি। প্রতিবছর এই আয়োজন চলতে থাকলে বাংলাদেশের জন্য এ এক মাইলফলকে পরিণত হবে।’
তিনি বলেন, ‘আমার স্বপ্ন ছিল বাংলাদেশ একটা “কালচারাল হাব” হবে। আমরা চেষ্টা করে যাচ্ছি।’
আয়োজক প্রতিষ্ঠান ব্লুজ কমিউনিকেশনসের ব্যবস্থাপনা পরিচালক ফরহাদুল ইসলাম জানালেন তাঁদের অভিজ্ঞতার কথা। তিনি বললেন, ‘সন্দেহের দোলাচলের ভেতর দিয়ে উৎসবটা শুরু করলাম। কিন্তু এতটা সাড়া পাব, বুঝিনি। প্রথম দিনের থেকে দ্বিতীয় ও তৃতীয় দিন শ্রোতা ছিল চোখে পড়ার মতো।’
বিশ্বের বিভিন্ন দেশ ও সংগীত উৎসব ঘুরে অভিজ্ঞতা সঞ্চয় করে ব্লুজ কমিউনিকেশনস। সেসব জায়গার ভালো দিকগুলো অনুসরণের চেষ্টা থাকে তাঁদের আয়োজনে। শৃঙ্খলা, বসে ও দাঁড়িয়ে আড্ডা দেওয়ার জায়গা, খাবারের স্টল ও প্রক্ষালনব্যবস্থা থেকে সবখানেই ছিল রুচির ছাপ।
ফরহাদুল ইসলাম বলেন, ‘আমরা ইভেন্টগুলোকে অভিজ্ঞতা হিসেবে নিই। শ্রোতা ও অতিথিদের হাতে আমন্ত্রণপত্র পৌঁছানো থেকে শুরু করে তাঁদের বিদায় নেওয়া পর্যন্ত সবকিছু থেকেই আমরা অভিজ্ঞতা সঞ্চয় করি এবং তা পরবর্তীকালে আরও ভালো করার উৎসাহ পাই। গান ভালো না লাগলে দর্শকেরা যাতে আড্ডা দিতে, হাঁটতে, ঘুরতে পারেন, সে জন্য প্রচুর খোলা জায়গা রাখা ছিল; বসে খাওয়ার বেঞ্চগুলোতেও ছিল নতুনত্ব। দেড় বছর ধরে এ উৎসব নিয়ে কাজ করেছি। ওমেক্সের মতো বড় মিউজিক ফেস্টগুলো ঘুরেছি। আগামী উৎসবের শিল্পীদের সঙ্গে যোগাযোগ করতে গত মাসে গিয়েছিলাম হাঙ্গেরি। আগামী এপ্রিলে আবার জার্মানি যাব জ্যাজ এহেড অনুষ্ঠানে।’
শিল্পীদের জন্যও তাঁদের ছিল যত্ন-আত্তির ব্যবস্থা। মঞ্চের পেছনে পুষ্টিকর খাবার ও চকলেট, সাজঘরের তাঁদের জন্য সর্বোচ্চ স্বস্তির ব্যবস্থা।
ফরহাদ বলেন, ‘প্রথম উৎসবে সাধারণত পৃষ্ঠপোষক পাওয়া যায় না। আমরা পেয়েছি, গ্রামীণফোনের কাছে আমরা কৃতজ্ঞ।’
ঢাকার এই উৎসবের পরবর্তী আয়োজনগুলোর জন্য অপেক্ষা করছে আরও অনেক চমক।