জ্যোতির আলোয়

অনিল বাগচীর একদিন সমান জ্যোতির... ‘এক বছর’। আলোচনার শুরুতেই কথা কেড়ে নিয়ে উত্তর দিলেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। তার মানে একটা কাজ দিয়েই পুরো বছর শেষ! এবার জ্যোতি হাস্যোজ্জ্বল, ‘আরে নাহ্। এর মধ্যে বেশ কিছু কাজ করেছি। তবে এই বছরের শুরুর দিকে অনিল বাগচীর একদিন চলচ্চিত্রে কাজের প্রস্তাব পাই। এরপর শুটিং শেষ করে দর্শকের কাছে আসতে পারলাম ১১ ডিসেম্বর। তাই বললাম আর কে!’
ছবিতে জ্যোতি অভিনয় করেছেন অতসীর চরিত্রে। অভিনেত্রীর সঙ্গে কথা বলার সময় ছবিটি মুক্তির ১০ দিন পেরিয়ে গেছে। কিন্তু তখনো তিনি আছেন অতসীর ঘোরেই। তাই জ্যোতিকা জ্যোতির সঙ্গে কথা বলতে গিয়েও আমরা বারবার ফিরে যাই অতসীর কাছে। হুমায়ূন আহমেদের লেখা অনিল বাগচীর একদিন উপন্যাস নিয়ে পরিচালক মোরশেদুল ইসলাম নির্মাণ করেছেন চলচ্চিত্র। মুক্তির পর থেকে পিঠ চাপড়ানি পেয়েছেন চেনা–অচেনা অনেক দর্শকের।
জ্যোতি বলেন, ‘হলে গিয়ে দর্শকদের সঙ্গে ছবিটি দেখেছি। শো শেষে সাধারণ মানুষ যেভাবে আবেগে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়েছেন, আমি অভিভূত। মুক্তিযুদ্ধের গল্পে অভিনয় করার মজাই আলাদা। অতসীর ঘোর থেকে বেরিয়ে আসতে কত দিন লাগবে, নিজেই বুঝতে পারছি না।’
সেকি! এই যে বললেন মানুষ আপনার অভিনয় দেখে আপ্লুত হয়েছেন? তাহলে কেন বের হতে চাইছেন অতসীর ঘোর থেকে? এবার অভিনেত্রী বেশ নড়েচড়ে বসলেন। গায়ের জ্যাকেটটি টেনে জড়িয়ে নিতে নিতে বললেন, ‘সবার আগে আমি একজন অভিনেত্রী। অভিনয়টাকে কিন্তু আমি পেশা হিসেবেই দেখি। সুতরাং প্রতিদিন আমাকে নতুন নতুন চরিত্রের সঙ্গে এগিয়ে যেতে হচ্ছে। অতসীতে মজে আমি অন্য কাজ ছেড়ে থাকলে তো চলছে না। এরই মধ্যে কিছু নাটক ও চলচ্চিত্রের কাজের প্রস্তাব এসেছে। সেগুলো নিয়েই নতুন বছরের দিকে এগিয়ে যাচ্ছি।’
এর মধ্যে জ্যোতি কাজ করছেন বিবিসি মিডিয়া অ্যাকশনের অর্থায়নে উজান গাঙের নাইয়া ধারাবাহিকের নতুন সিজনে। আর তাই দুই মাস আগে থেকেই তাঁকে নিয়মিত দৌড়াতে হচ্ছে কক্সবাজারে। সেখানেই সেট পড়েছে উজান গাঙের নাইয়া ধারাবাহিকের। যেখানে জ্যোতিকা জ্যোতি অভিনয় করছেন জেলে সমাজের একজন সচেতন স্ত্রী শোভা রানীর ভূমিকায়। ২২ ডিসেম্বর থেকে ধারাবাহিকটি দেখানো হচ্ছে এটিএন বাংলায়। এ ছাড়া কয়েকটি ধারাবাহিক আর এক ঘণ্টার নাটকের কাজ নিয়ে ব্যস্ত হবেন নতুন বছরের শুরুতে। প্রস্তাব রয়েছে কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের। জ্যোতি বলেন, ‘প্রাথমিক আলোচনায় থাকা চলচ্চিত্রের মধ্যে দুটি আছে বাণিজ্যিক ঘরানার।’
আয়না দিয়ে শুরু করে এরই মধ্যে জ্যোতি অভিনয় করে ফেলেছেন পাঁচটি চলচ্চিত্রে। তবে বাণিজ্যিক ঘরানার চলচ্চিত্রে অভিনয় তাঁর জন্য হবে এক নতুন অভিজ্ঞতা। আবার ধারাবাহিক আর এক ঘণ্টার নাটকে কাজ করছেন নিয়মিত। তাহলে কোন পর্দায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি? তাঁর উত্তর অনেকটা সোজাসাপটা, ‘এখন আমার পরিচয় একজন অভিনেত্রী হিসেবে। পেশা হিসেবে নিয়েছি, তাই আয়ের দিকটাও মাথায় রাখতে হয়। তবে বড় পর্দায় স্থায়ী হতে পারলে ভালো লাগবে। আমি দেশ-বিদেশের সব জায়গায় কাজ করতে চাই। পরিচিতি পেতে চাই দেশের গণ্ডির বাইরেও।’
আলোচনার শেষ দিকে জ্যোতি একটা নতুন তথ্য দিলেন। সদ্য মুক্তি পাওয়া অনিল বাগচীর একদিন চলচ্চিত্রের একটা গানে প্লে-ব্যাক করেছেন তিনি। যেখানে নিজের গানে ঠোঁটও মিলিয়েছেন। তাহলে কি আমরা একজন কণ্ঠশিল্পী পেয়ে গেছি? আগ্রহ কিছুটা দমিয়ে দিয়ে জ্যোতি বললেন, ‘বিষয়টা একদম কাকতাল। গল্পের একটা জায়গায় অতসী জ্যোৎস্না রাতে পুকুরপাড়ে পরিবারের অন্যদের সামনে খালি গলায় গাইবে একটি রবীন্দ্রসংগীত “আজ জ্যোৎস্না রাতে...”। ভাবলাম, একবার গেয়েই দেখি না কেমন হয়। পরিচালককে বললাম। তিনি শুনলেন, মহড়া করলাম এবং শেষে আমার গানটা চূড়ান্ত হলো।’
না, অনেক আলোচনার পর আবার ফিরে এলাম সেই অতসীর চরিত্রে। এবার মনে হয় ইতি টানাই ভালো। কারণ, অতসী নিজেও বেরিয়ে আসতে চান সেখান থেকে। তিনি দু–এক দিনের মধ্যেই আবার কক্সবাজারে ছুটবেন উজান গাঙের নাইয়ার সেটে। আর তাই এখন তিনি শোভা রানী হয়েই সেখানে ডুব দিতে চান।