জ্যোতি সিনহা ৫ প্রশ্ন
শুভাশিস সিনহা নির্দেশিত মণিপুরী থিয়েটারের কহে বীরাঙ্গনা নাটকটি ইতিমধ্যে ঢাকার মঞ্চে বেশ আলোচনায় এসেছে। শকুন্তলা, দ্রোপদী, দুঃশলা ও জনা—এই চারটি চরিত্র নিয়ে এই নাটকটিতে এককভাবে অভিনয় করেছেন জ্যোতি সিনহা। আজকের পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি।‘কহে বীরাঙ্গনা’ নাটকটি ঢাকার মঞ্চে বেশ আলোচনায় এসেছে। নাটকটি নিয়ে নিজের অনুভূতি জানতে চাই।সত্যি কথা বলতে কি, নাটকটি নিয়ে যে এত প্রশংসা পাব, তা কোনো দিনই কল্পনা করিনি। আলাদা কোনো ভাবনা নিয়ে আমি কাজটি করিনি। আমার সাধ্যের মধ্যে থেকে শুধু সততা নিয়ে কাজটি করেছি। কিন্তু কোনো দিন ভাবিনি নাটকটিতে কাজ করে এত প্রশংসা পাব। নাটকটি থেকে এত বেশি পেয়েছি যে এখন আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ কহে বীরাঙ্গনা। ‘কহে বীরাঙ্গনা’ নাটকটি মঞ্চে আসার আগে নিজের প্রস্তুতি কেমন ছিল? ২০০৯ সালের কথা। আমি তখন মাস্টার্সের ছাত্রী। নির্দেশক শুভাশিস সিনহা আমাকে নাটকটির পাণ্ডুলিপি দিয়ে সংলাপ মুখস্থ করার কথা বলেছিলেন। মূলত তখন থেকেই নিজে নিজে কাজের প্রস্তুতি নিতে থাকি। নাটকটি মহাভারতের চরিত্র থেকে লেখা। মহাভারত আমার আগে থেকেই পড়া ছিল। এ ছাড়া মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্যের কবিতার লাইন থেকেই কহে বীরাঙ্গনা মঞ্চরূপ পেয়েছে—এ জন্য পাণ্ডুলিপিটি আরও একটু বোঝার সুবিধার জন্য মাইকেল মধুসূদন দত্তের অন্যান্য বেশ কয়েকটি কাব্য পড়েছি। যখন মহড়া শুরু হয়, তখন টানা কাজ হয়েছে। নাটকটি মঞ্চে আনতে এক মাস সময় লেগেছে। নাটকটিতে অভিনয়ের আগে আমাকে কয়েক মাস প্রতিদিন দুই ঘণ্টা শারীরিক এবং এক ঘণ্টা ভোকালের ব্যায়াম করতে হয়েছে। শেষ পর্যন্ত নাটকটির কাজের জন্য আমি চাকরি ছেড়েছি। নাটকের চারটি চরিত্রে একা অভিনয় করতে কোনো সমস্যা হয়নি?নাটকটি মঞ্চে চলাকালীন চরিত্রগুলো পরিবর্তনে কোনো সমস্যা হয়নি। কেননা প্রতিটি চরিত্র পরিবর্তনের সময় দু-তিন মিনিট বিরতি থাকে। এ ছাড়া যখন যে চরিত্র হয়ে মঞ্চে প্রবেশ করছি, তখন ওই চরিত্রই নিজের মধ্যে ধারণ করতে পেরেছি। তবে মহড়ার সময় দুটি চরিত্র নিয়ে একটু সমস্যা হতো। শকুন্তলা ও দ্রোপদী চরিত্র দুটি কাছাকাছি। কিন্তু চরিত্র দুটি আলাদাভাবে মঞ্চে আসবে। সেই আলাদাভাব আনার ক্ষেত্রে প্রথমদিকে একটু সমস্যা হতো। অবশ্য পরে ঠিক হয়ে যায়। দর্শনীর বিনিময়ে কমলগঞ্জের ঘোড়ামারা গ্রামেও নাটকটি মঞ্চস্থ হয়। দর্শক সমাগম কেমন হয়েছিল?আমরা গ্রামে নাটমণ্ডপ নামের একটা স্টুডিও থিয়েটার চালু করেছি এবং এখানে আমরা প্রথম টিকিটের মাধ্যমে মঞ্চনাটক দেখার বিষয়টি শুরু করেছি। দর্শক ভালো হয়। টিকিট—মাটি ২০ টাকা আর চেয়ার ৪০ টাকা। গ্রামের সাধারণ মানুষ নাটক দেখে। অনেক সময় গ্রামের কৃষকেরাও নাটক দেখতে আসেন। বিভিন্ন শ্রেণীর দর্শক দেখে নিজের মধ্যে থিয়েটার নিয়ে আশার সঞ্চার হয়। মনে হয়, একদিন গ্রামেও থিয়েটারচর্চা আরও বাড়বে। থিয়েটার নিয়ে ভবিষ্যৎ ভাবনা কী?থিয়েটার করতে এসে হয়তো কিছুটা আর্থিক কষ্ট হচ্ছে, কিন্তু মানসিকভাবে অনেক তৃপ্তি পাচ্ছি। আশা—সামনের দিনগুলোতে ছিমছাম একটা চাকরি করব আর বাকি সময়টুকু শুধুই থিয়েটার।