জ্যোতি সিন্হা ৫ প্রশ্ন
সাক্ষাৎকার নিয়েছেন শফিক আল মামুনসম্প্রতি ভারত সরকারের আমন্ত্রণে আগরতলায় মঞ্চস্থ হলো দেবতার গ্রাস এবং প্রথম আলো ও টাইমস অব ইন্ডিয়ার উদ্যোগে দক্ষিণ কলকাতায় মঞ্চস্থ হলো কহে বীরাঙ্গনা নাটক দুটি। মণিপুরি থিয়েটারের এ দুটি নাটকের নির্দেশক শুভাশিস সিন্হা। দুটি নাটকেই অভিনয় করেছেন জ্যোতি সিন্হা। আজকের পাঁচটি প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। এর আগে কখনো নাটক নিয়ে ভারত সফর করেছেন কি?না, এর আগে কখনোই আমরা নাটক নিয়ে ভারত সফর করিনি। এবারই প্রথম গেলাম। তাও আবার একসঙ্গে দুটি নাটক নিয়ে সফরের সুযোগ পেয়েছি।অনুভূতি কেমন?খুবই ভালো লেগেছে। আমরা গ্রামের একটা নাটকের দল, ওখানে নাটক করে যে প্রশংসা পেয়েছি, তা ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা আমাদের দেশের জাতীয় দলের মতো সম্মান পেয়েছি। নাটক দুটি মঞ্চায়নের পর টাইমস অব ইন্ডিয়াসহ একাধিক খবরের কাগজে আমাদের নাটকের প্রশংসা করে বড় বড় লেখা ছাপা হয়েছে।গ্রামের একটা নাটকের দল জাতীয় ও আন্তর্জাতিকভাবে এগিয়ে যাচ্ছে। বিষয়টি আপনি কীভাবে দেখছেন?এটা সম্ভব হয়েছে আমাদের শিক্ষাগুরু শুভাশিস সিন্হার কারণে। এ ছাড়া আমাদের দলের সবাই কঠোর পরিশ্রম আর মননশীলতার চর্চার মধ্য দিয়ে থিয়েটারকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে।এখন দলের আর কী কাজ করছেন?এখন আর দলের নতুন কোনো নাটকে হাত দিচ্ছি না। গত দেড় বছরে আমরা দুটি ভালো প্রযোজনা নামিয়েছি। এখন কাজ হবে, দলকে আরও ভালো করে গড়ে তোলা এবং নিজেদের প্রস্তুত করা।ভবিষ্যতে থিয়েটার নিয়ে আপনার ভাবনা কী?আজীবন থিয়েটার নিয়ে কাজ করে যেতে চাই। থিয়েটার এখন আমার ধর্মের মতো হয়ে গেছে। জীবনের একটা অংশই এখন থিয়েটারকে ঘিরে।