জ্যোত্স্না বিশ্বাসের একুশে পদক অর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাত্রাশিল্পে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা একুশে পদক লাভ করেছেন গুণী যাত্রাশিল্পী জ্যোত্স্না বিশ্বাস। এরই মধ্যে এবারের একুশে পদকের ঘোষণা দেওয়া হয়েছে। আজ রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ পদক হস্তান্তর করেন। সর্বোচ্চ রাষ্ট্রীয় এ পুরস্কার পেয়ে ভীষণ খুশি তিনি। একুশে পদক পাওয়ার মুঠোফোনে প্রতিক্রিয়া ব্যক্ত করে জ্যোত্স্না বিশ্বাস বলেন, ‘কখনোই ভাবিনি একুশে পদকের মতো এত বড় একটা সম্মান পাব। তা ছাড়া নিজেকে কখনোই এত বড় সম্মানের দাবিদার ভাবিনি। পুরস্কার পেয়ে তাই খুবই ভালো লাগছে। দায়বদ্ধতাও অনেক বেড়ে গেছে।’ তিনি এও বলেন, ‘একুশে পদক প্রাপ্তিটা স্বপ্নের মতোই মনে হচ্ছিল। যাত্রাশিল্প সব সময় অবহেলিত একটি জায়গা। একুশে পদকের রাষ্ট্রীয় এ পুরস্কারের জন্য এ শিল্পটাকে বেছে নেওয়ার জন্য সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এটা শুধু আমার নয়, পুরো যাত্রাশিল্পেরই অর্জন।’যাত্রাশিল্পের উন্নয়নে ভবিষ্যত্ আরও অনেক বেশি কাজ করতে হবে উল্লেখ করে জ্যোত্স্না বিশ্বাস বলেন, ‘যাত্রাশিল্পের মান উন্নয়নে দলগুলোর মধ্যে সচেতনতা তৈরির কাজ শুরু করেছি আমরা। ঐতিহ্যবাহী এ শিল্পকে টিকিয়ে রাখতে হলে একটি গঠনতন্ত্র অনুযায়ী চলতে হবে। এ ছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেন যাত্রাশিল্পটাকে পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করা হয়, এ বিষয়টার দিকে জোর দিচ্ছি।’উল্লেখ্য, যাত্রাশিল্পে অবদানের স্বীকৃতিস্বরূপ জ্যোত্স্না বিশ্বাসের স্বামী প্রয়াত অমলেন্দু বিশ্বাসও ১৯৮৯ সালে পুরস্কার পেয়েছিলেন। তবে সেটা ছিল অমলেন্দু বিশ্বাসের মৃত্যুর দুই বছর পর।