ক্যাফেতে জায়গা ছিল না। ক্যাফে ছাড়িয়ে আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে গিয়ে গান শুনতে হয়েছে গানপ্রেমী তরুণদের। সংগীত দিবসের শেষ দিনের আয়োজনে সেখানে হাজির হয়েছিল ঢাকার বেশ কয়েকটি ব্যান্ড। শুনিয়েছে নিজেদের প্রিয় গানগুলো।
গতকাল বুধবার ছিল সংগীত দিবসের শেষ দিনের আয়োজন। বেলা একটা থেকে বিকেল পর্যন্ত সেখানে গান করেছে গানের দল ‘দ্য ব্লু লোটাস ত্রিয়ো’, ‘বিউটি বোর্ডিং’, ‘চিত্রপট’, ‘দ্য লায়ন্স’ ও ‘মনসরণি’। দলগুলোই শুনিয়েছে নিজেদের ও অন্য জনপ্রিয় নানা বাংলা ও ইংরেজি গান।
গতকাল অনুষ্ঠান শুরুর আগে তরুণ দর্শকদের স্বাগত জানান আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার পরিচালক ব্রুনো প্লাস। তিনি বলেন, সংগীত যেভাবে মানুষে মানুষে বন্ধনকে দৃঢ় করে, এই আয়োজনও ঠিক তেমনটাই করবে। ক্যাফে ও গ্যালারিভর্তি দর্শক উপস্থিতিতে দারুণ রোমাঞ্চিত দেখায় তাঁকে। শুরুর দিনই ঘোষণা দিয়েছিলেন এই দিবসটি উদ্যাপনে আরও বড় আয়োজনের কথা। তরুণদের আগ্রহ আজও তাঁকে অনুপ্রাণিত করল। বিশ্ব সংগীত দিবস আয়োজনে দুই দিনের অনুষ্ঠান আয়োজন করেছিল ফ্রান্সের সংস্কৃতিকেন্দ্র আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা।