জয়-পারভেজের ‘দ্য ব্রাদারহুড প্রজেক্ট’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ প্রজন্মের সংগীতশিল্পী জয় শাহরিয়ার ও পারভেজ সাজ্জাদ আসছেন তাঁদের নতুন প্রয়াস ‘দ্য ব্রাদারহুড প্রজেক্ট’ নিয়ে। এ প্রজেক্টে তাঁরা নিজেদের গানের পাশাপাশি গাইবেন কালজয়ী সব বাংলা গান। ইস্টার্ন ক্ল্যাসিকাল আর ওয়েস্টার্ন রক-ব্লুজের উপস্থিতিও থাকবে কখনো কখনো। ‘দ্য ব্রাদারহুড প্রজেক্ট’ শ্রোতাদের সামনে হাজির হবে এই ঈদে বিভিন্ন টিভি চ্যানেলের লাইভ শোগুলোতে। পরবর্তী সময়ে লাইভ কনসার্ট, স্টুডিও অ্যালবাম, নতুন গানের কম্পোজিশন ও প্রোডাকশনের কাজ করবে এই প্রজেক্ট।এ প্রসঙ্গে জয় বলেন, ‘একটু ভিন্ন কিছু করার তাগিদেই এই প্রজেক্টের কথা আমরা ভেবেছি। দেশের বাইরে এমন প্রজেক্ট অনেক হয়। আমাদের দেশে আগে কখনো তা হয়নি। এ দেশে বিভিন্ন শিল্পীর একসঙ্গে কাজ করার বিষয়টি মিশ্র অ্যালবাম করা পর্যন্তই এগোয়। খুব বেশি হলে বিশেষ দিনের বিশেষ অনুষ্ঠান। সেই জায়গা থেকে বেরিয়ে এসে ধারাবাহিকভাবে নতুন ও ভিন্ন কিছু করার জন্যই এই প্রজেক্ট। এখানে আমাদের দুজনের সঙ্গে বিভিন্ন সময় অন্য সুহূদ মিউজিশিয়ানরাও অংশ নেবেন।’ জয় আরও বলেন, ‘আমাদের সংগীতজগত্ সম্পর্কে বাইরে একটা ভুল ধারণা আছে যে, আমাদের মধ্যে একসঙ্গে কাজ করার মানসিকতা নেই। সেই ভাবনা থেকে বেরিয়ে আসার চেষ্টা হিসেবে এই প্রয়াস। আর এ কারণেই “দ্য ব্রাদারহুড প্রজেক্ট” নামটি বেছে নেওয়া।’