জয়তু জুয়েল আইচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুয়েল আইচ
জুয়েল আইচ

জুয়েল আইচকে গত ১০ বছরে অন্তত পাঁচবার সাধাসাধি করেছি, ভাই, মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানটার কাপ্তান আপনি হোন, প্লিজ। প্রতিবারই তিনি কীভাবে জানি পিছলে যান। এটা-সেটা অজুহাত দেখান। এবার কবির বকুল-সমেত গিয়ে চেপে ধরা গেল তাঁকে। অগত্যা তিনি রাজি হলেন।
জুয়েল আইচ নিপাট ভদ্রলোক, অনেক গুণে গুণান্বিত মানুষ, ভালো ছবি আঁকেন, বাঁশি বাজান, পড়াশোনার পরিধি বিস্তৃত এবং নিজের কাজটা করেন সবচেয়ে ভালোভাবে, অসাধারণ এক ম্যাজিশিয়ান তিনি। আমাদের সবার মনে আছে, একবার আনন্দ মেলা উপস্থাপন করেছিলেন বিটিভিতে, কী ভালোই না হয়েছিল!
এবার তিনি উপস্থাপনার ভার নিতে রাজি হওয়ায় আমাদের ঘাম দিয়ে জ্বর ছাড়ল। তবে অনুষ্ঠানজুড়ে জুয়েল আইচ শুধু তাঁর মনের মতো জাদুগুলো দেখাবেন, ব্যাপার তো তা নয়। ইকবাল হোসাইন চৌধুরী চিত্রনাট্য রচনা করলেন। শুধু জুয়েল আইচ নন, আরও একজন জাদুকর থাকবেন সঙ্গে, ভণ্ড জাদুকর। নাম কুলপি। সাজু খাদেম হবেন সেই ভণ্ড জাদুকর কুলপি, আর অনুষ্ঠানের শেষে তাঁর জারিজুরি ফাঁস হবে। একদম শেষে কুলপি বাক্সে ঢুকলে বেরিয়ে আসবে বাঁদর।
জুয়েল আইচকে গবেষণায় মাততে হলো, সব ঠিক আছে, কিন্তু বাঁদর তো কথা শোনে না, সে কাপড়চোপড় দাঁতে ছিঁড়ে ফেলে। আর হয়েছে কি, সাজু বাঁদরকে ভয় পান। তাঁর বদ্ধ জায়গার ভীতি আছে। দরকারমতো জাদুর কাগজ খুঁজতে হিমশিম। এমনি কত কাণ্ড ঘটেছে নেপথ্যে। মঞ্চে ওঠার ঠিক আগে আরেক অঘটন। জুয়েল দার বাঁশিটা হাত থেকে পড়ে গিয়ে ফেটে গেল। ফাটা বাঁশি বাজে না। এদিকে বাঁশি-সমেত তাঁর মঞ্চে আসার সময় হয়ে গেছে। চটজলদি মাথা ঠান্ডা রেখে বাঁশিতে টেপ পেঁচিয়ে তিনি আবির্ভূত হলেন এবং বাঁশিতে আঙুল জুড়লেন। আহা, কী মোহন সেই বাঁশির সুর। আর তাঁর আগমনটা হয়েছিল সেই রকম রাজসিক। চৌধুরী জাফরউল্লাহ শারাফাতের গমগমে ঘোষণা, আসছেন এমন একজন, যিনি আমাদের ‘লিভিং লিজেন্ড’। প্রথমে ছায়া, তারপর প্রায় যেন শূন্য থেকে হাজির হলেন জুয়েল আইচ। মুগ্ধ দর্শকেরা ফেটে পড়লেন হর্ষধ্বনিতে।
জুয়েল আইচকে অনেক ধন্যবাদ, অভিনন্দন। মেরিল-প্রথম আলো অনুষ্ঠানটা জটিল, সেই যে ছোটবেলায় ‘মেকিং আ ফিল্ম’ প্রবন্ধে পড়েছিলাম, ‘ফিল্ম মেকিং ইজ আ লার্জ অ্যান্ড কমপ্লিকেটেড ইন্ডাস্ট্রি,’ মেরিল-প্রথম আলোর অনুষ্ঠানটাও তাই, খুব বড়, আর খুব জটিল।
দর্শকেরা দেখেন, খুশি হন, সমালোচনাও করেন, আমরাও অনেক সমালোচনা করি, অনেক সমালোচনা মেনে নিই, কিন্তু এই অনুষ্ঠানের পেছনে কতজনের যে কত কঠিন পরিশ্রম আর আত্মত্যাগের ঘটনা থাকে, সবটা আমরা জানিও না। ১০৪ ডিগ্রি জ্বর নিয়ে ডাবল ডোজের ওষুধ খেয়ে কেউ মঞ্চে ওঠেন, কারও নিকটতম আত্মীয় হাসপাতালে; সেদিকে ভ্রুক্ষেপ করার সময় থাকে না। থাক সেসব কথা। জুয়েল আইচ শুধু জানুন, তাঁর প্রতি আমাদের ভালোবাসা আরও অনেক গুণ বেড়ে গেছে, এই অনুষ্ঠানে একসঙ্গে কাজ করার মধ্য দিয়ে। জয়তু জুয়েল আইচ।