জয়তু সোনাই মাধব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনাই মাধব নাটকের একটি দৃশ্য
সোনাই মাধব নাটকের একটি দৃশ্য

লোক নাট্যদলের নতুন নাট্য প্রযোজনা মৈমনসিংহ গীতিকা অবলম্বনে পদাবলি যাত্রা সোনাই মাধব আমাকে মুগ্ধ ও আন্দোলিত করেছে। নিরাভরণ মঞ্চে পালা ঢঙে পরিবেশিত সংগীত ও নৃত্যের সম্মিলনে মঞ্চে এক অভাবিত দৃশ্যকাব্যের যেন সিম্ফনি তরঙ্গায়িত হয়েছে। পাশ্চাত্যের মিউজিক্যাল এবং অপেরার সঙ্গে আমাদের লোকজ নৃত্য অথবা গীতিনাট্যের তেমন কোনো সাদৃশ্য নেই। বেইজিং অপেরার সঙ্গেও তেমন মিল খুঁজে পাওয়া যায় না। লোক নাট্যদলের সোনাই মাধব প্রযোজনা প্রাচ্য ও পাশ্চাত্যকে একীভূত করে আমাদের মনোজগতে স্থান করে নিয়েছে। এমনকি এই নাট্য প্রযোজনায় কখনো কখনো ষোড়শ শতাব্দীর ইতালির বর্ণিল উপস্থাপনা কমেডি-দেলা-আর্টের প্রতিভাসও অবলোকন করেছি। খ্রিষ্টপূর্ব ৪২৫ অব্দের নাট্যকার অ্যারিস্টোফেনিসের সময়ের কমেডি নাট্য উপস্থাপনার কথা মনে হচ্ছিল, সে উপস্থাপনা দেখার প্রশ্নই আসে না, পড়ে যতটুকু জেনেছি।
বর্তমানের ভালো লাগা যেমন মানুষের মনকে দূর অথবা মধ্য অতীতে নিয়ে যায়, সোনাই মাধব দেখার সময় আমার মনের প্রতিক্রিয়া অনেকটা তা-ই হয়েছে। অর্থাৎ বর্তমান, অতীত আর দেশ-বিদেশের নানা সংগীত ও নৃত্যবহুল প্রযোজনার আলোকরশ্মি যেন আমার মনোজগৎকে আলোকিত করে।
মৈমনসিংহ গীতিকা অবলম্বনে লোক নাট্যদলের পদাবলি যাত্রার সুরারোপ করেছেন যুগ্মভাবে দীনেন্দ্র চৌধুরী ও লিয়াকত আলী লাকী। এই নাট্য উপস্থাপনার পরিকল্পনা, সংগীত পরিচালনা ও নির্দেশনা দিয়েছেন লিয়াকত আলী লাকী। পদাবলি কীর্তন ও যাত্রাপালার সমন্বয়ে উপস্থাপিত লোক নাট্যদলের সোনাই মাধব ট্র্যাজিকমেডির এক অপূর্ব সমন্বিত মঞ্চ-উপস্থাপনা, যা ৯ জানুয়ারি সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটারে হল-ভর্তি দর্শককে মন্ত্রমুগ্ধ করে রাখে, সৃষ্টি হয় নাট্যগাথার এক অভাবিত ইন্দ্রজাল। প্রায় দেড় ঘণ্টার এই নাট্য প্রযোজনার কোনো মুহূর্তই ফাঁকা মনে হয়নি। আমাদের লোকজ নাট্য আঙ্গিক এবং এলিজাবেথিয়ান নাট্য আঙ্গিক কখনো মিলেমিশে একাকার হয়ে গেছে। এই নাট্য প্রযোজনার শেষ দৃশ্যকে আমার কখনো কখনো শেক্সপিয়ারের রোমিও জুলিয়েট-এর মতো মনে হচ্ছিল। কুশীলব, নাট্য কুশীল, গায়ক-গায়িকারা সবাই পালার ঢঙে চতুষ্কোণ মঞ্চের চারধারে বসে ছিল। মঞ্চে প্রবেশ আর বের হওয়া ছিল উপভোগ্য, কারণ চরিত্রকে ধারণ করে অভিনেতা-অভিনেত্রীরা মঞ্চে প্রবেশ করছিল এবং মঞ্চের বাইরে গিয়ে চরিত্র থেকে বেরিয়ে আসছিল।
এই নাটকের প্রায় সব কুশীলবই সংগীত ও নৃত্যবহুল এই প্রযোজনায় মনোগ্রাহী অভিনয় করেছেন। মুখ্য চরিত্র সোনাই আর মাধবের ভূমিকায় রূপসা ও লিটন বিশ্বাসযোগ্য অভিনয় করেছে। তবে দেওয়ান ভাবনার ভূমিকায় লিয়াকত আলী লাকী তাঁর অনন্য অভিনয়প্রতিভার স্ফুরণ ঘটিয়ে আমাদের স্তম্ভিত করেছেন, মনে হয়েছে অনেক দিন এমন সুন্দর আর মনোগ্রাহী অভিনয় দেখিনি। যেমন নৃত্যে ছিল তাঁর কুশলী দেহ-ভঙ্গিমা, তেমনি সংগীত ও কথনে ছিল তাঁর পারঙ্গমতা। লাকী আর তাঁর সহশিল্পীদের অভিনয় দর্শকদের আনন্দ-হাসির বন্যায় ভাসিয়ে দিয়েছে নাট্যের বিশেষ বিশেষ মুহূর্তে। লিয়াকত আলী লাকীর অভিনয়শৈলী দেখে আমার মনে হয়েছে, চার্লি চ্যাপলিন কমেডিয়ানের চরিত্রে অভিনয় করে কেন সারা বিশ্বের দর্শকদের মন জয় করতে সমর্থ হয়েছিলেন। লিয়াকত আলী লাকী ট্র্যাজিক মুহূর্তেও সমসক্ষমতার সঙ্গে অভিনয় করেছেন। আমি মনে করি, লোক নাট্যদলের সোনাই মাধব পদাবলি যাত্রা শুধু বাংলাদেশ নয়, বহির্বিশ্বেও আদৃত হবে। জয়তু সোনাই মাধব, জয়তু লোক নাট্যদল এবং এর প্রধান ঋত্বিক লিয়াকত আলী লাকী।