বড় মায়া ভরা একটি নারী কণ্ঠে ভেসে আসছিল, ‘তারে মনে পড়ে বারে বারে’ গানটি। সেটা প্রিয়াঙ্কা গোপের কণ্ঠ কি না, দেখা যাচ্ছিল না। কেননা মঞ্চের পর্দা তখনো নামানো ছিল। পেছনে শব্দযন্ত্রের সঙ্গে সন্নিবেশ করা হচ্ছিল বাদ্যযন্ত্র। সঙ্গে কণ্ঠ দিচ্ছিলেন শিল্পী। কখনো বলতে শোনা যাচ্ছিল, ‘বাঁ দিকের মনিটরে তবলা নেই। ফিরোজ ভাই, একটু সেতারটাও ছাড়ুন।’
দর্শকেরা অপেক্ষায় আছেন ‘জয়ধ্বনি’র গান শোনার জন্য। ১৯৯৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংগঠন হিসেবে যাত্রা শুরু করেছিল এই সংস্কৃতি সংগঠনটি। এখন এটি ‘জয়ধ্বনি সাংস্কৃতিক পরিষদ’। গতকাল রোববার জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে হয়ে গেল তাদের যাত্রা শুরুর আনুষ্ঠানিকতা।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি শফিক শাহীন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, বিশেষ অতিথি জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী। অতিথিদের মধ্যে বক্তব্য দেন শিল্পী সুজিত মোস্তফা, ফাতেমা তুজ জোহরা, নৌপরিবহনসচিব শফিক আলম মেহেদী।
বক্তৃতা শেষ হলে সংগীত পরিবেশন করেন মাহমুদা মৌমিতা, প্রদীপ কুমার নন্দী, প্রিয়াঙ্কা গোপ ও প্রকাশ কুমার বণিক।
অনুষ্ঠান শুরু করতে বিলম্ব হওয়ায় সেটি বেশ সংক্ষেপিত হয়ে আসে। অনুষ্ঠানে মন ভোলানো উপস্থাপনা ছাড়াও আবৃত্তি করে শোনান কলকাতার শিল্পী রিনি বিশ্বাস।