জয়নুল উৎসব কাল
বাংলাদেশের আধুনিক শিল্পকলার পথিকৃৎ জয়নুল আবেদিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা জয়নুল আবেদিন ১৯১৪ সালের ২৯ ডিসেম্বর বর্তমান বৃহত্তর ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন। কিংবদন্তি এ শিল্পীর ১০২তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ আয়োজন করছে ‘জয়নুল উৎসব ২০১৫’র। এ ছাড়া শিল্পকলা একাডেমি বিভিন্ন অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে।
আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় চারুকলা অনুষদ প্রাঙ্গণে জয়নুল উৎসবের যৌথভাবে উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এবং শিল্পাচার্যের সহধর্মিণী জাহানারা আবেদিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সমরজিৎ রায় চৌধুরী।
চারুকলা অনুষদের বিভিন্ন বিভাগ এ উৎসবে তাদের শিক্ষক ও শিক্ষার্থীদের শিল্পকর্ম বিক্রয় করবে। এ ছাড়া প্রতিদিন সন্ধ্যায় চারুকলার বকুলতলায় থাকছে সাংস্কৃতিক পরিবেশনা। কাল সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। চারুকলার শিক্ষার্থীদের পাশাপাশি গান গাইবে ব্যান্ডদল ‘গানপাগল’।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে একাডেমির চারুকলা বিভাগ এই আয়োজন করেছে।
শিল্পাচার্যের জন্মবর্ষ উদযাপনের অংশ হিসেবে ২০১৪ ও ২০১৫ সালে অনুষ্ঠিত বছরব্যাপী শিশু চিত্রাঙ্কন কর্মশালায় অংশগ্রহণকারী শিশুশিল্পীদের সনদ বিতরণ করা হবে এই শিল্পকলার আয়োজনে।
এ ছাড়া কাল সকাল নয়টায় শিল্পাচার্যের সমাধিতে একাডেমির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হবে।
বিকেল চারটায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করবেন সংস্কৃতিসচিব আক্তারী মমতাজ। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পাচার্যের সহধর্মিণী জাহানারা আবেদিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সৈয়দ আজিজুল হক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন একাডেমির চারুকলা বিভাগের পরিচালক উৎপল কুমার দাস। জাতীয় চিত্রশালার ৬ নম্বর গ্যালারিতে প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা সাতটা এবং শুক্র ও শনিবার বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত এটি দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।