গ্যালারির মাঝখানে ছোট্ট একটি নৌকা। নৌকার মাঝির হাতে বৈঠা নেই, আছে বাঁশি। গভীর মনোযোগ দিয়ে বাঁশি বাজাচ্ছেন তিনি। দর্শকেরাও মনোযোগ দিয়ে দেখছিলেন সূক্ষ্ম কারুকাজের এ ভাস্কর্যটি। ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলোর শিল্পীদের সংগঠন কিরাতের আয়োজনে ত্রিপুরার শিল্পীদের শিল্পকর্ম নিয়ে প্রদর্শনী শুরু হয়েছে গতকাল শনিবার সকালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে এ প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। বক্তৃতা করেন ত্রিপুরা রাজ্যের বিধায়ক ও কিরাতের সভাপতি পবিত্র কর, চারুকলা অনুষদের ডিন ই এইচ এম মতলুব আলী প্রমুখ।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ ও ভারতের, বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যের শিল্পীদের ভেতর সাংস্কৃতিক মেলবন্ধনের ওপর জোর দেন এবং এ ধরনের প্রদর্শনী নিয়মিত আয়োজনের আশাবাদ প্রকাশ করেন। প্রদর্শনীতে ১৪ জন শিল্পীর ৩৭টি শিল্পকর্ম রয়েছে। প্রদর্শনীটি চলবে ২৫ মার্চ পর্যন্ত।নারী শিল্পীদের প্রদর্শনীআকাশে চাঁদ, পৃথিবীর সবুজ প্রকৃতিতে ফুল-পাখির সঙ্গে বাংলার নারী। বাংলার চিরায়ত সাজে মা, মেয়ে ও পুত্রবধূ। আদিবাসীদের ঐতিহ্যবাহী গয়না ও পোশাকে আদিবাসী নারী। আরও আছে নানা সাজের বালিকা ও কিশোরী। জলরং, অ্যাক্রিলিক, প্যাস্টেল ও মিশ্র মাধ্যমে নারী শিল্পীদের আঁকা এমনি ৩০টি চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে ধানমন্ডির ঢাকা আর্ট সেন্টার গ্যালারিতে। বিশ্ব নারী দিবসের শতবর্ষ উদ্যাপন করতে যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করে নারী শিল্পীদের সংগঠন সাঁকো ও ঢাকা আর্ট সেন্টার। গতকাল শনিবার সন্ধ্যায় এ প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে আমেরিকান সেন্টারের পরিচালক লরেন্স লাভলেস। অনুষ্ঠান পরিচালনা করেন শিল্পী মনিরুজ্জামান।প্রদর্শনীর শিল্পীরা হলেন ফরিদা জামান, নাইমা হক, নাসরিন বেগম, কনকচাঁপা চাকমা, ফারেহা জেবা, ফারজানা ইসলাম, কুহু, রেবেকা সুলতানা, সুলেখা চৌধুরী, ফারজানা আহমেদ, জয়া শাহরিন হক, মাসুদা ইকবাল, ভদ্রেসু রিতা এবং নেদারল্যান্ডের জ্যাকুলিন হেলেন ম্যারি। আয়োজকেরা জানান, চিত্রকর্ম বিক্রির টাকা মুক্তিযুদ্ধ জাদুঘরের নতুন ভবন তৈরির তহবিলে দেওয়া হবে। প্রদর্শনী চলবে ২৭ মার্চ পর্যন্ত।নিউইয়র্কে মুক্তিযুদ্ধের বইমেলা নিউইয়র্ক প্রতিনিধি জানান, স্বাধীনতার ৪০ বছর পূর্তি উপলক্ষে নিউইয়র্কে মুক্তধারা আয়োজিত ১০ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বইমেলা শুরু হয়েছে গত শুক্রবার থেকে। বিশিষ্ট মুক্তিযোদ্ধা ড. নূরন নবী মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তৃতা করেন ডা. মাসুদুল হাসান, আবুল মনসুর খান, ফারুক হোসাইন ও হাসান ফেরদৌস।বক্তারা মুক্তিযুদ্ধের সময় তাঁদের নিজ নিজ সেক্টরে মুক্তিযুদ্ধের কথা তুলে ধরেন। এ ছাড়া মুক্তিযুদ্ধবিরোধীদের বিচারকাজ যাতে ব্যাহত না হয়, সেদিকে সজাগ থাকার আহ্বান জানান। কুষ্টিয়ায় দোল উৎসবকুষ্টিয়া অফিস জানায়, পূর্ণিমার জ্যোৎস্নায় সারা রাত গান করেছেন সাধু বাউলেরা। গান শুরুর আগে চলে সাদা মুড়ি আর খই দিয়ে আহারপর্ব। তারপর একটানা গান আর গান। ক্লান্তি নেই, নেই কোনো বিরতি।লালন সাঁই স্মরণে আয়োজিত দোলপূর্ণিমা উৎসবের দ্বিতীয় দিনে শনিবার সকালে সাধুদের বাল্যসেবার চিরায়ত নিয়মে শুরু হয় আচার-অনুষ্ঠান। খুব নরম সুরে এবং প্রগাঢ় ভক্তিতে সাঁইজিকে সামনে জেনে সাদা পোশাকে ভক্তরা নিবেদন করেছেন সংগীত। একতারার টুংটাংয়ের সঙ্গে ক্ষীণ কণ্ঠের গুনগুন। ভক্তের কাছে তিনি দীক্ষাগুরু। লালন বলেছেন মানবধর্মের কথা। অমৃতের সন্ধান করেছেন আত্মজ্ঞানের মধ্য দিয়ে। সেই অমৃতের সন্ধানেই হাজার হাজার ভক্ত দোল উৎসবে সমবেত হয়েছেন আখড়াবাড়িতে। দুপুরে হয় পূর্ণসেবা। এই আয়োজনের মধ্য দিয়েই সাধারণত শেষ হয় বাউল ও তরিকতপন্থী সাধুদের আচার-অনুষ্ঠান।শনিবার বিকেলে আখড়াবাড়ির প্রতিটি সড়কে ছিল মানুষের উপচে পড়া ভিড়। ভক্তদের বিশ্বাস, সাঁইজির মৃত্যু ঘটেনি। তিনি লোকচক্ষুর অন্তরালে চলে গেছেন মাত্র।সন্ধ্যায় লালন একাডেমির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব সুরাইয়া বেগম। সাঁইজির ভাবতত্ত্ব নিয়ে আলোচনা করেন লালন গবেষক আবুল আহসান চৌধুরী।