জয়নুল গ্যালারিতে ত্রয়োদশের রং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়নুল গ্যালারিতে ‘কালারস অব থার্টিন’ শিরোনামের প্রদর্শনীতে দর্শক ও অতিথিরা l প্রথম আলো
জয়নুল গ্যালারিতে ‘কালারস অব থার্টিন’ শিরোনামের প্রদর্শনীতে দর্শক ও অতিথিরা l প্রথম আলো

চারুকলা চত্বরে জড়ো হয়েছেন ১৩ বান্ধবী। ১৯৮৯-৯০-এর ব্যাচে এই অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ছিলেন তাঁরা। গতকাল মঙ্গলবার বিকেলে তাঁদের সঙ্গে এসেছিলেন পরিবারের সদস্য-স্বামী বা সন্তানেরা। শিল্পকলায় পড়লেও শিল্পকে পেশা হিসেবে নেওয়া হয়নি সবার। পেশাগত আর নানা ব্যস্ততায় এঁদের কেউ কেউ আঁকায় অনিয়মিত। কেউ কেউ আবার এঁকে যাচ্ছেন, তৈরি করছেন ভাস্কর্য। ভিন্ন ভিন্ন কর্মক্ষেত্রের এই শিল্পীরা চর্চা অব্যাহত রেখেছেন। তাঁদের সেসব কাজ নিয়ে আয়োজন করা হয়েছে প্রদর্শনী।
গতকাল মঙ্গলবার থেকে চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে এই ১৩ শিল্পীর চিত্র ও শিল্পকর্ম প্রদর্শনী ‘কালারস অব থার্টিন’।
প্রাক্তন শিক্ষার্থীদের প্রদর্শনী উদ্বোধনে এসেছিলেন খ্যাতিমান শিল্পী অধ্যাপক সমরজিৎ রায়চৌধুরী, শিল্পী শিশির ভট্টাচার্য্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সৈয়দ আজিজুল হক। সমরজিৎ রায়চৌধুরী বলেন, ‘আমি শুনেই বিস্মিত হয়েছিলাম যে বান্ধবীরা মিলে চিত্র প্রদর্শনী করছে। তাদের প্রতি আহ্বান, যেন বছরে অন্তত একটি প্রদর্শনী তারা করে। তবে সেসব কোনো প্রাপ্তির আশা নিয়ে করা যাবে না। আনন্দ পাওয়ার জন্য করতে হবে।’ শিল্পীদের আশঙ্কা ছিল, শিক্ষক শিশির ভট্টাচার্য্য বোধ হয় কাজগুলো দেখে বকবেন। কিন্তু গ্যালারি ঘুরে তিনি শুধুই বললেন, ‘অসাধারণ’।
প্রদর্শনীতে রয়েছে ২৭টি চিত্রকর্ম ও ৯টি ভাস্কর্য। শিল্পীরা হলেন ফারহানা আফরোজ, ফারজানা ইসলাম, মনিদীপা দাশগুপ্তা, মুক্তি ভৌমিক, মারজিয়া সুমি, মনিরা সুলতানা, শায়লা আক্তার, নিশাত চৌধুরী, রেহানা ইয়াসমীন, রেবেকা সুলতানা, রিফাত জাহান, শর্বরী রায় চৌধুরী ও সুকন্যা আইন। প্রদর্শনীটি চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।