জয়নুল গ্যালারিতে প্রাচ্যচিত্রকলা প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছবিগুলোর মূল উপাদান জলরং। প্রকৃতির প্রায় সব রঙে জীবন্ত সেই ছবিগুলো। একই গ্যালারিতে শিক্ষক এবং শিক্ষার্থীদের আঁকা ওই ছবিগুলো নিয়ে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে পঞ্চম প্রাচ্যচিত্রকলা প্রদর্শনী। বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এবং সংস্কৃতিসচিব রনজিৎ কুমার বিশ্বাস। জ্যেষ্ঠ শিল্পীদের মধ্যে ছিলেন তাজুল ইসলাম, অশোক কর্মকার, রশীদ আমিন, সুকান্ত কুমার অধিকারী, মুকুল কুমার বাড়ৈ।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি ছিলেন চারুকলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক সৈয়দ আবুল বারক আলভী।
প্রদর্শনীর আহ্বায়ক অধ্যাপক মলয় বালা জানালেন, ঢাবি ও রাবির প্রাচ্যকলার প্রবীণ ও নবীন ৪৭ জন শিল্পীর ৫৪টি কাজ নিয়ে এ প্রদর্শনী। গ্যালারি ঘুরতে ঘুরতেই দেখা গেল কয়েকটি ছবির কোনায় পরিয়ে দেওয়া হয়েছে লাল টিপ। অর্থাৎ প্রদর্শনী শুরুর কিছুক্ষণের মধ্যে বিক্রি হয়ে গেছে ওগুলো। ওরিয়েন্টাল স্টাডি গ্রুপের আয়োজনে এ প্রদর্শনী চলবে ২৩ মার্চ পর্যন্ত।