জয়নুল গ্যালারিতে রঙের দশ কারিগরের 'টেন ডাইমেনশন্স'

ছবিটির শিরোনাম ‘ফুল পরি’। লাল,সাদা গোলাপের গুচ্ছ নিয়ে ব্যস্ত এক শিশু। বয়স নয় কিংবা দশ। মলিন চুল। মেয়েটি ব্যস্ত ফুল সাজাতে। একটু পরেই হয়তো বেরিয়ে যেতে হবে ফুল বিক্রির জন্য, জীবিকার প্রয়োজনে।
ক্যানভাসের এই অপূর্ব ছবিটির মুগ্ধতা নিয়ে এগিয়ে গিয়ে আরেকটি ক্যানভাসে চোখ পড়তেই মনটা খারাপ হয়ে গেল। এ ছবিটির শিরোনাম ‘আহত শিশু’। চারপাশে লাল বিন্দু, রেখা। একটু খেয়াল করলেই বৃত্তগুলিতে দেখা যাবে বিভিন্ন ধর্মীয় প্রতীক। পুরো পেছনে থেকে বেরিয়ে আসতে চাইছে বেদনার রং ‘নীল’। ঠিক মাঝখানে এক শিশুর মুখাবয়ব। সারা মাথায় ব্যান্ডেজ। এক চোখ ফোলা। বন্ধ হয়ে আছে। অন্য চোখে দেখা যাচ্ছে রাজ্যের যন্ত্রণা।
বিষয়ভিত্তিক এ ছবিগুলো এখন স্থান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে। এখানে চলছে ‘টেন ডাইমেনশন্স’ শীর্ষক দশ তরুণ শিল্পীর যৌথ চিত্রকলা প্রদর্শনী।

নবীন দশ রঙের কারিগর অংশ নিয়েছেন এই প্রদর্শনীতে। ১০ জনের ছবি, যেন ১০টি ভিন্ন জগৎ। বিচিত্র তরুণদের বিষয়। কোথাও রঙের ছোঁয়ায় ফুটে উঠেছে আদিমতা। কোথাও বা চিত্রিত হয়েছে প্রেম, প্রণয় ও ভালোবাসা। আবার কেউ রঙের বুনো খেলায় চিত্রপটে এঁকেছেন প্রতিবাদের বয়ান। এভাবেই রঙের ওপর রং চাপিয়ে বহুমাত্রিক বিষয়কে ছুঁয়েছেন তরুণ শিল্পীরা। তাঁরা সবাই ঢাবির চারুকলা অনুষদের অঙ্কন বিভাগের এমএফএ দ্বিতীয় পর্বের ১৭তম ব্যাচের শিক্ষার্থী।
রোববার বিকেলে সপ্তাহব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন হয়। প্রদর্শনী উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। অতিথি ছিলেন চারুকলা অনুষদের ডিন চিত্রশিল্পী অধ্যাপক নিসার হোসেন ও পেইন্টিং বিভাগের প্রভাষক বিশ্বজিৎ গোস্বামী।
উদ্বোধনী বক্তব্যে আরেফিন সিদ্দিক তাঁর বক্তৃতায় প্রকাশক ও লেখকদের ওপর হামলার কথা উল্লেখ করে বলেন, ‘সৃষ্টিশীল মানুষদের ওপর হামলার মাধ্যমে আক্রমণ করা হচ্ছে প্রগতিশীলতাকে। ঠিক কে হামলা করেছে এ বিষয়টি এখন না জানা গেলেও কারা হামলা করছে সেটা পরিষ্কার। মুক্তচিন্তার বিরুদ্ধে ও স্বাধীনতাবিরোধী মৌলবাদী গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করতে এ ধরনের নাশকতা চালাচ্ছে। এ ধরনের আক্রমণ করে এ দেশের মানুষকে হারানো যাবে না। অপশক্তির এমন প্রতিবন্ধকতা পেরিয়েই এগিয়ে যাবে এই দেশ।’
প্রদর্শনীতে অংশ নেওয়া ১০ শিল্পী হলেন অপরাজিত রহমান, নুসরাত জাহান, জিন্নাতুন জান্নাত, আরিফা ইভানা, মেহনাজ তাবাসসুম, ফেদেয়া শাহনাজ, মিহান, অনুরাধা সাহা, রাজিব হোসেন ভূঁইয়া ও নির্মল অধিকারী।

প্রদর্শনীর প্রতিটি ছবিই মন কেড়ে নেয়। ‘আমাদের মেয়েবেলা’ শিরোনামের ক্যানভাসে তালা ঝোলানো ও তারকাঁটার বেষ্টনী দেওয়া দরজার সামনে নিজের মুখটি দু’হাতে ঢেকে রেখেছেন এক কিশোরী। পেছনের দরজায় দেখা যাচ্ছে তার প্রতিবিম্ব। কারো বুঝতে কষ্ট হবে না এ ছবিটিতে কৈশোরে চলার পথে নারীর প্রতিবন্ধকতাকে দেখাচ্ছেন শিল্পী। ‘কল্পনা বিলাসিনী’ ছবিতে ভাবনাতাড়িত রমণী সেজেগুজে বসে আছে শোবার ঘরে। তাঁর কল্পনায় সোনালী দিন।
তেল রং,অ্যাক্রেলিক ও মিশ্র মাধ্যমে আঁকা ২৪টি চিত্রকর্ম দিয়ে সাজানো হয়েছে প্রদর্শনী। আগামী ৭ নভেম্বর পর্যন্ত এটি চলবে। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত আটটা গ্যালারি খোলা থাকে।