বিশাল ক্যানভাস। ক্যানভাসজুড়ে একটি মুখাবয়ব। শ্মশ্রুমণ্ডিত, কাঁচা-পাকা অগোছালো চুল। ঠোঁটে চেপে ধরা জ্বলন্ত সিগারেট। দৃষ্টি ভেসে গেছে সুদূরে। মনকাড়া এ ছবিটি ঝুলছে চারুকলা অনুষদের জয়নুল গ্যালারির দেয়ালে। এঁকেছেন সৈয়দ ফিদা হোসেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের এম এফ এ বিভাগের শিক্ষার্থী সৈয়দ ফিদা হোসেন। শৈশব থেকেই ছবি আঁকার সঙ্গে তাঁর সখ্য। শিক্ষাজীবনেই ছবি এঁকে পেয়েছেন নানা পুরস্কার। জয় করে নেন জাতীয় পুরস্কার। ইরানের ভিজুয়াল আর্ট প্রতিযোগিতায় তৃতীয় হয়ে চিত্রকলার আন্তর্জাতিক আঙিনাতেও রেখেছেন কৃতিত্বের স্বাক্ষর। এমন সাফল্যের মধ্যে হঠাৎ করেই বদলে যায় ফিদার জীবন। শরীরে বাসা বেঁধেছে ফ্যামিলিয়াল কলোনিক পলিপসিস নামক দুরারোগ্য ব্যাধি। আর এ চিকিৎসার জন্য প্রয়োজন ৪০ লাখ টাকা, যা ফিদার পরিবারের পক্ষে বহন করা অসম্ভব। এমন পরিস্থিতিতে তাঁর জীবন বাঁচাতে এগিয়ে এসেছেন তাঁর চারুশিক্ষার্থী বন্ধুরা। চারুকলা অনুষদের শিক্ষার্থীরা ফিদার চিকিৎসা তহবিল গড়ে তুলতে ভিন্ন রকম এক উদ্যোগ নিয়েছেন। সবাই মিলে জমা দিয়েছেন নিজেদের গড়া হরেক রকম শিল্পকর্ম। প্রদর্শনীর মাধ্যমে সেসব শিল্পকর্ম বিক্রি করে শিল্পীর চিকিৎসা তহবিলে ব্যয় করা হবে। প্রদর্শনীর শিরোনাম ‘ফিদার জন্য’।প্রায় ৯০ জন শিল্পীর গড়া শতাধিক শিল্পকর্ম দিয়ে সাজানো হয়েছে প্রদর্শনী। হরেক রকম মাধ্যমে উদ্ভাসিত হয়েছে বিবিধ বিষয়। এক আঙিনায় দেখা মিলেছে পেইন্টিং, প্রিন্ট, ক্র্যাফটস, সিরামিকস, কাঠ ও পাথরের ভাস্কর্য। সব মিলিয়ে বৈচিত্র্যময় হয়ে উঠেছে প্রদর্শনীটি। আর এখান থেকে একটি শিল্পকর্ম কিনে শিল্পসংগ্রাহকেরা বাঁচিয়ে দিতে পারেন একজন শিল্পীর জীবন।১৭ দিনব্যাপী এ প্রদর্শনী শেষ হবে ৩০ জুলাই। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।শিল্পকলায় আজ ‘বেহুলা বাসর’বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে নাট্যকলা ও চলচ্চিত্রবিষয়ক বিভাগের ব্যবস্থাপনায় আজ মঙ্গলবার মঞ্চস্থ হবে নাটক বেহুলা বাসর। নাটকটি লিখেছেন তরুণ নাট্যকর্মী শহিদুল হক খান। নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ জসীম উদ্দিন। শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়, একাডেমীর স্টুডিও থিয়েটার হলে।