
আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মশতবার্ষিকীর বছরব্যাপী অনুষ্ঠান। গতকাল শনিবার বিকেলে জাতীয় চিত্রশালা মিলনায়তনে শিল্পাচার্য জয়নুল আবেদিন স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী। বাবু রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনতা ব্যাংকের পরিচালক সৈয়দ বজলুল করিম। অনুষ্ঠানের প্রথম পর্বে ‘জরিনা সুন্দরী’ ও ‘রাখাল বন্ধু’ গীতিনৃত্য পরিবেশন করে গেন্ডারিয়ার কিশলয় কচিকাঁচার মেলার শিশুশিল্পীরা।
দ্বিতীয় পর্বে ছিল আলোচনা। ‘জয়নুলের সৃষ্টিকর্ম ও অসাম্প্রদায়িক বাংলাদেশ’ শীর্ষক আলোচনায় অংশ নেন অধ্যাপক মতলুব আলী, চিত্রশিল্পী বীরেন সোম, লায়লা শারমিন প্রমুখ। পরে শিল্পীদের মধ্যে ‘শিল্পাচার্য পুরস্কার’ এবং খুদে শিল্পীদের মধ্যে ‘জয়নুল পুরস্কার’ দেওয়া হয়।
‘শিখণ্ডী কথা’র বিশেষ প্রদর্শনী
হিজড়া সমাজের মানুষের সুখ-দুঃখের কথামালায় গাথা গবেষণাধর্মী নাটক শিখণ্ডী কথা। গতকাল সমাজসেবা অধিদপ্তর আগারগাঁওয়ের নিজস্ব মিলনায়তনে হিজড়াদের জীবনমান উন্নয়নে করণীয় বিষয়ে সেমিনার করে।সেমিনার শেষে শিখণ্ডী কথা নাটকটি পরিবেশিত হয়। মহাকাল নাট্য সম্প্রদায়ের প্রযোজিত নাটকটির এটি ১৪৬তম প্রদর্শনী। দেশের হিজড়া সম্প্রদায়কে নিয়ে প্রথম এই নাটকটি রচনা করেছেন আনন জামান এবং নির্দেশনা দিয়েছেন রশীদ হারুন।
সামাজিক জীবনের মূল স্রোতের বাইরে নিরন্তর অবহেলা আর বঞ্চনার জীবনধারণকৃত প্রান্তিক জনমানুষ হিজড়াদের প্রতি মানবিক, সামাজিক ও রাষ্ট্রের দায়দায়িত্ব নিয়ে লেখা এ নাটকে উঠে এসেছে হিজড়াদের যাপিত জীবনের বঞ্চনার কথা।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মীর জাহিদ হাসান, উজ্জ্বল আচার্য, হাবিবুর রহমান, মো. শাহনেওয়াজ, আনন জামান, সৈয়দ ফেরদৌস ইকরাম, কামরুজ্জামান, ইকবাল চৌধুরী প্রমুখ।