
২৯ ডিসেম্বর শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মের শতবর্ষ পূর্ণ হবে। এ উপলক্ষে বেঙ্গল শিল্পালয় আয়োজন করেছে তাঁর সংগৃহীত নকশিকাঁথা প্রদর্শনী।
বিভিন্ন ধরনের বুননের ২২টি নকশিকাঁথা প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে। ১৩১৬ বঙ্গাব্দের একটি বর্গাকার কাঁথার চার কোণে চারটি জীবনবৃক্ষ দেখা গেল। মাঝখানে জ্যামিতিক আলপনা। আর বিভিন্ন জায়গায় আছে চিরুনি, কুলা, কাজলদানি, পানপাতা, সুপারি কাটার জাঁতি ইত্যাদি। সুই-সুতা দিয়ে এক লোকশিল্পী এঁকেছেন ঘরে থাকা নারীর জীবনের গণ্ডি।
আরেকটি কাঁথায় সিংহাসনে বসে হুকো টানছেন একজন, আরেকজন দাঁড়িয়ে তাঁকে হাতপাখায় বাতাস দিচ্ছেন। চারপাশে রয়েছে পাখি, ফুলের বাগান, হাতি, নদীতে মাছ, বক, কচ্ছপ, জেলের মাছ ধরা, ছোট-বড় কয়েকটি পালকি। এক পাশে দেখা গেল অশ্বারোহী এক সৈন্যের সামনে বাঘ হাজির। সবটা দেখে মনে হয়, প্রাচীন কোনো রাজা নদীতীরবর্তী কোনো বনে বেড়াতে এসেছেন। রাজাদের এমন সপরিবারে ‘বনবিহার’ তখন ছিল নিয়মিত।
জয়নুলের সংগ্রহের সবচেয়ে পরিচিত কাঁথার নাম ‘দুই রথ’। এর আরেক নাম ‘নাচঘর’। কাঁথার মাঝখানে বিশাল পদ্ম। তাঁর মাঝে দেবী গজলক্ষ্মী। তাঁকে ঘিরে হাত ধরাধরি করে নাচছে সখীরা। দুই পাশে রথ। রথের ওপরে এক পাশে ব্রহ্মদেব বিরাজমান। রথের ভেতরে দেখা গেল শ্রীকৃষ্ণকে। তাঁর প্রিয় পাখি ময়ূরকে আশপাশে দেখা গেল বহুবার।
শিল্পাচার্যের পরিবারের অনুমতিক্রমে বেঙ্গল ফাউন্ডেশন এ আয়োজন করেছে। কয়েকটি কাঁথায় শিল্পীর নাম, ঠিকানাও আছে। তৎকালীন যশোরের (বর্তমান নড়াইল) লোহাগড়ার কুমারকান্দা গ্রামের একটি কাঁথা প্রদর্শিত হচ্ছে এখানে। আরও আছে রাজশাহী ও কুষ্টিয়া অঞ্চলের কাঁথা। একটি কাঁথায় রথযাত্রা উৎসবের দেখা মিলল।
এসব কাঁথার দেখা পেতে চলে যেতে হবে ধানমন্ডি ২৭ নম্বরে, বেঙ্গল শিল্পালয়ে। আগামী ১০ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে প্রদর্শনী।