জয়নুলে ঢাকার ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ৪০০ বছর উপলক্ষে আলোকচিত্রী এম এ তাহেরের একক প্রদর্শনী ‘বর্তমান ঢাকা’ শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে। গতকাল শুক্রবার এই প্রদর্শনীর উদ্বোধন করেন জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী। উপস্থিত ছিলেন চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী, হাশেম খান, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, মুনতাসীর মামুন ও এম সুহরাওয়ার্দি।গ্যালারির দেয়ালজুড়ে বিভিন্ন ছবিতে ফুটে উঠেছে ঢাকাবাসীর জীবনযাপন, শহরের অতীত ও বর্তমান ঐতিহ্য, উৎসব, পরিবেশদূষণসহ বিভিন্ন প্রেক্ষাপট। ছবিতে যেমন আছে নিত্যদিনের ভোগান্তির উৎস যানজট, তেমনি আছে উৎসবের ছুটির সময়ের ফাঁকা রাজপথ। সদরঘাটে লঞ্চের ছাদে ও রাজপথে মানুষের ভিড়। ফুটপাতের হকার, ব্যস্ত বাজার, ঐতিহ্যবাহী ঈদ শোভাযাত্রা, ঘোড়ার গাড়ি, মহিষের গাড়ি, ভাসমান হোটেল—সবই উঠে এসেছে আলোকচিত্রে। রয়েছে পুরান ঢাকার চকবাজারের ইফতারি বাজার, বিরিয়ানির দোকান, বাদ্যযন্ত্র কিংবা ঘুড়ির দোকান, ধোলাইখালের যন্ত্রপাতিও আছে আলোকচিত্রে। আছে পুরোনো স্থাপত্য। আরমানিটোলার চার্চ, ঢাকেশ্বরী মন্দির, গুরুদুয়ারা, তারা মসজিদ, কসাইটুলি মসজিদ, কার্জন হল, লালবাগ কেল্লা ইত্যাদি। আলোকচিত্রী তাঁর ক্যামেরায় ৪০০ বছরের পুরোনো এই রাজধানীর কৃষ্টি ও ঐতিহ্যকে তুলে ধরতে সচেষ্ট হয়েছেন। প্রদর্শনী চলবে ২১ অক্টোবর পর্যন্ত।