জয়যাত্রা
মুক্তিযুদ্ধের সময় তৌকীর আহমেদ খুবই ছোট ছিলেন। তাই যুদ্ধে যাওয়া হয়নি তাঁর। জয়যাত্রা ছিল তাঁর কাছে যুদ্ধে যাওয়ার মতোই ঘটনা। মুক্তিযুদ্ধে অনেক অলিখিত বীর রয়েছেন, অনেক সাধারণ মানুষের ত্যাগ রয়েছে, যাঁদের কথা কেউ জানে না। সাধারণ মানুষের অকাতরে প্রাণের বলিদান, আর এর বিনিময়ে যে স্বাধীনতা, সেটাই তুলে ধরতে চেয়েছিলেন তৌকীর। তৌকির বললেন, ‘আমি ছবির শুরুতেই দেখিয়েছিলাম একটি সুখী পরিবারকে, যেখানে একটি চিল এসে মুরগির বাচ্চা নিয়ে যায়। তেমনই, হঠাৎ করেই পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমনের কারণে একটি সুখী পরিবারের সবকিছুই তছনছ হয়ে যায়। একটি নৌকায় করে মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য ছুটতে থাকে। তারপর মানুষ প্রতিবাদী হয়ে ওঠে। যাত্রাকে জয় করে তারা। তবে এর মধ্য দিয়েই ঘটে যায় অনেক ঘটনা। ঝরে যায় অনেক প্রাণ। আবার নতুন প্রাণের আগমন ঘটে।’তৌকীরের প্রথম চলচ্চিত্র ছিল জয়যাত্রা। মুক্তিযুদ্ধভিত্তিক এই চলচ্চিত্র তৈরি করতে তৌকীরকে পুরো একটি বছর ব্যয় করতে হয়েছে। ছবি নির্মাণের জন্য লোকেশন খুঁজতে শত শত কিলোমিটার পথ পাড়ি দিতে হয়েছে। অবশেষে তিনি খুঁজে নেন বগুড়ার গাবতলীকে। প্রত্যন্ত এই অঞ্চলে তিনি এক থেকে দেড় শ মানুষের জন্য ক্যাম্প তৈরি করেন।সবচেয়ে বিস্ময়কর ব্যাপার ছিল, জয়যাত্রা ছবিতে সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর যুদ্ধযান ব্যবহার করেছেন তৌকীর। একাত্তর সালের সাঁজোয়া গাড়ি খুঁজে বের করেছেন। আটটি অকেজো সাঁজোয়া গাড়ি সচল করে সেগুলো দিয়েই শুটিং করেছেন। আবার চট্টগ্রাম থেকে যুদ্ধবিমান উড়িয়ে নিয়ে এসেছেন ঢাকায়, সরাসরি বম্বিং করিয়েছেন। সুন্দরবন থেকে নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ ঢাকায় নিয়ে এসেছেন। শীতলক্ষ্যায় শুটিং করেছেন। পুরো ছবিতে তিনি এভাবেই একাত্তরের মুক্তিযুদ্ধের সেই আবহ তুলে ধরেছিলেন।কীভাবে সম্ভব হলো এত কিছু?তৌকীর বললেন, ‘আসলে আমি কখনোই আশা ছাড়িনি। আমাকে প্রশাসনের বিভিন্ন স্থানে যেতে হয়েছে। আমাদের সশস্ত্র বাহিনীর বিভিন্ন দপ্তরে আবেদন করেছি। তাদের বোঝাতে হয়েছে যে দেশের জন্য একটি ছবি তৈরি করা হচ্ছে। এই ছবিটি থেকে যাবে ইতিহাস হিসেবে। তাই সবার সহযোগিতা প্রয়োজন। বারবার তারা জানতে চেয়েছে, কেন আমি এই সরঞ্জামগুলো ব্যবহার করতে চাইছি। একসময় তারা আমার উত্তরে সন্তুষ্ট হয়েছে এবং সেনা, নৌ ও বিমানবাহিনীর পক্ষ থেকে আমাকে সহযোগিতা করা হয়। যেমন—পাকিস্তান সময়ের সাঁজোয়া যান ছিল বগুড়ায়। এগুলোর অবস্থা তখন এমন হয়েছে যে তা সচল করতে সময় লাগল। আমাকে আটটি গাড়ি দেওয়া হয়েছিল। কিন্তু একসঙ্গে চারটি গাড়ির বেশি শট আমি নিতে পারিনি। কারণ গাড়িগুলো চলতে চলতে কিছু সময় পর থেমে যাচ্ছিল। ‘চট্টগ্রাম থেকে বিমান এল ঢাকা। বুড়িগঙ্গায় আমরা প্রস্তুত। বলে নেওয়া ভালো, বগুড়ার গাবতলীতে স্থানীয় একটি নদীতে আমরা যে নৌকায় শুটিং করলাম, সেই নৌকাটি পরে আবার ট্রাকে করে ঢাকায় নিয়ে এলাম। বিমান আকাশে উড়ল। কিন্তু মেঘের অবস্থা এমন যে পাইলটকে রেডিও স্টেশনের মাধ্যমে জানানো হলো, আজ শুটিং করা যাবে না, আগামীকাল আবার শুটিং করতে হবে। বিমানের জ্বালানি অত্যন্ত ব্যয়বহুল। তার পরও দেশের ছবির জন্য বিমানবাহিনীর পক্ষ থেকে পরের দিন আবার বিমান এল। দুবার বিমানটি উড়াল দিল। ক্যামেরায় দৃশ্য চিত্রায়ণ করলাম। সত্যিই তাদের সহযোগিতা ছিল প্রশংসা করার মতো।‘নৌবাহিনীর একটি জাহাজ পেলাম। সেটি সুন্দরবন থেকে শীতলক্ষ্যায় এল। জাহাজের ক্যাপ্টেন একটি পাকিস্তানি পতাকা জাহাজে লাগিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন। তারপর আমরা শুটিং করলাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। নৌবাহিনীর প্রতিও আমার বিশেষ কৃতজ্ঞতা।’‘এমনি করেই সব ধরনের আয়োজন নিয়ে জয়যাত্রা তৈরি হলো। বলা যায়, এটি ছিল আমার নিজের কাছেও একধরনের যুদ্ধে যাওয়ার মতো। সত্যিই এটা ছিল এক দারুণ অনুভূতি। প্রত্যেক শিল্পী কাজ করেছেন বিনা পারিশ্রমিকে—এ কথাও আজকে বলা দরকার। কারণ একটি ছবির জন্য তাঁদের যে ভালোবাসা আমি দেখেছি, তা ভোলার নয়। এভাবেই সবার সহযোগিতা নিয়ে তৈরি হয়েছিল জয়যাত্রা।’