জয়া বচ্চন আসছেন না
শোনা গিয়েছিল, মেহেরজান ছবির উদ্বোধনী প্রদর্শনী উপলক্ষে ঢাকায় আসছেন জয়া বচ্চন। ওই প্রদর্শনীতে তিনি উপস্থিত থাকবেন। কিন্তু গতকাল শনিবার সকালে ভারতের মুম্বাই থেকে ফিরে এসে মেহেরজান ছবির পরিচালক রুবাইয়াত হোসেন জানান, রাজনৈতিক ব্যস্ততার কারণে জয়া ঢাকায় আসতে পারছেন না। রুবাইয়াত আরও জানান, ছবির অনেক কলাকুশলীই ভারতের। জয়া বচ্চন ও তাঁদের সবার জন্য আগামী ২৬ মার্চ কলকাতায় মেহেরজান ছবির একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে। এদিকে জয়া এবার বাংলাদেশে ছবির শুটিংয়ের ওই সময়ের অনেক প্রশংসা করেছেন রুবাইয়াতের কাছে। শুটিংয়ের সময় জয়ার সঙ্গে ছিলেন তাঁর বোন নিতা রস। তিনি দুবাই থাকেন। জয়া ঢাকায় আসছেন শুনে তিনিও দুবাই থেকে এখানে চলে আসেন। ওই সময় নাকি তাঁদের মায়েরও ঢাকায় আসার কথা ছিল। বাবা তরুণ কুমার ভাদুড়ির কারণেই নাকি বাংলাদেশের প্রতি তাঁদের আলাদা একটা টান রয়েছে।হোটেলে একই কক্ষে থেকেছেন জয়া আর নিতা। ঢাকায় তাঁরা ছিলেন নয় দিন। জয়া দিনের বেলায় শুটিং করতেন আর নিতা গাড়ি নিয়ে ঘুরে বেড়াতেন বিভিন্ন জায়গায়। একদিন ফেরার পথে গুলশান ২ নম্বর মার্কেটের সামনে রাস্তার পাশের দোকান থেকে ঝালমুড়ি কিনে এনেছিলেন। হোটেলের কক্ষে বসে দুই বোন বেশ মজা করে খেয়েছিলেন তা। হিন্দি কোরা কাগজ ছবির পোশাক পরিকল্পনা করেছিলেন নিতা রস। এবার মেহেরজান ছবিতে জয়ার পোশাকের দিকটি নিতা দেখেছেন। রুবাইয়াত বললেন, ‘মেহেরজান ছবির শুটিংয়ের শেষ দিন পুরো ইউনিটের সবার জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করেছিলেন জয়া। ইউনিটের প্রোডাকশন বয় পর্যন্ত তা থেকে বাদ পড়েনি। আর ওই খাবার তৈরি করেছিলেন ফখরুদ্দিন বাবুর্চির লোকেরা। এমনটা কিন্তু সাধারণত দেখা যায় না। এ ছাড়া যাওয়ার আগে তিনি এ দেশে তাঁর পরিচিত অনেককে নানা উপহার দিয়ে গেছেন।’ ২১ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মেহেরজান ছবিটি।