জয়া-মাহফুজের ‘হসপিটাল’ আবার
নীহাররঞ্জন গুপ্তের হসপিটাল উপন্যাসটি নিয়ে বাংলাদেশে তৈরি টেলিছবিটি দর্শকদের অনুরোধে আবার দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটিএন বাংলায় কাল শুক্রবার রাত আটটায় দেখানো হবে মাহফুজ ও জয়া অভিনীত এই টেলিছবিটি। এটি নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী। চিত্রনাট্য লিখছেন অরুণ চৌধুরী। ‘হসপিটাল’ টেলিছবিতে শৈবাল ও শর্বরী চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ ও জয়া আহসান।মাহফুজ আহমেদ বলেন, ‘নীহাররঞ্জন গুপ্তের অসাধারণ উপন্যাসের একটি হসপিটাল। অসংখ্যবার এটি পড়া হয়েছে। তবে দুঃখজনক হলেও সত্য যে হসপিটাল উপন্যাসটি নিয়ে নির্মিত চলচ্চিত্রটি আমার ভালো লাগেনি।’মাহফুজ আরও বলেন, ‘খুবই ভালো লোগছে নীহাররঞ্জন গুপ্তের উপন্যাসে কাজ করতে পেরে। চেষ্টা ছিল শৈবাল চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তোলার।’ টেলিছবিটি সম্পর্কে চয়নিকা চৌধুরী বলেন, ‘নীহাররঞ্জন গুপ্তের হসপিটাল বেশ কয়েকবার পড়েছি। তবে নির্মাণের ক্ষেত্রে আমি শুধু মূল গল্পটিকে অনুসরণ করছি। হসপিটালের সবকিছু ঠিক রেখে শুধু বর্তমান সময়ের উপযোগী করে তৈরির চেষ্টা করেছি।’উল্লেখ্য, নীহাররঞ্জন গুপ্তের হসপিটাল উপন্যাসটি নিয়ে ১৯৬০ সালে নির্মিত হয়েছিল চলচ্চিত্র হসপিটাল। সুশীল মজুমদার পরিচালিত ওই ছবিতে শৈবাল চরিত্রে অশোক কুমার ও শর্বরী চরিত্রে সুচিত্রা সেন অভিনয় করেছিলেন।