জয়া 'আফা'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
জয়া আহসান
জয়া আহসান
১৬ অক্টোবর ভারতে মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত রাজকাহিনী। এ ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। ছবিটি নিয়ে জয়ার টুকরো টুকরো গল্প...

সৃজিত: দেশভাগ নিয়ে তুমি কী ভাবো?
জয়া: দেখো, এটা খুবই দুঃখজনক একটি ঘটনা। রাজনৈতিক সিদ্ধান্তের বলি হতে হলো এ উপমহাদেশের লাখ লাখ মানুষকে। ১৯৪৭ সালের দেশ বিভাগ নিয়ে এটা আমার ভাবনা। তবে বাংলাদেশে আমাদের প্রজন্মের মানুষের কাছে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ যতটা স্পষ্ট ও কাছের, ১৯৪৭ সালের দেশ বিভাগ ততটা কাছের নয়।
সৃজিত: দেশভাগ ও এর কারণে সাধারণ মানুষের যে যন্ত্রণা—এ নিয়ে একটি সিনেমা বানাতে চাই। তুমি কী এখানে কাজ করবে?
মুখোমুখি কথা হচ্ছে ভারতের চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও জয়া আহসানের।
স্থান: সিঙ্গাপুর, দর্পণ চলচ্চিত্র উৎসবের অনুষ্ঠানস্থল।
সময়: ২০১৩।
তাঁদের সেই ২০১৩ সালের কথোপকথন জয়ার জবানিতে আমরা শুনছি ২০১৫ সালে এসে। ৫ অক্টোবর ভারতের কলকাতায় নিজের বাসায় ফোনের এক প্রান্তে কথা বলছেন জয়া, আর প্রথম আলো অফিসে ফোনের অপর প্রান্তে বসে শুনছি আমরা। জয়া জানাচ্ছেন, সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত রাজকাহিনী ছবিতে তাঁর যুক্ত হওয়ার বৃত্তান্ত। তো, কথায় কথায়, সৃজিতের সঙ্গে তাঁর প্রথম পরিচয়ের দিনের এই আলাপনটুকুও বলে ফেললেন। বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান অভিনীত এই ছবি দুর্গাপূজা উপলক্ষে ভারতে মুক্তি পাচ্ছে ১৬ অক্টোবর। গত সেপ্টেম্বরে ছাড়া হয় এ চলচ্চিত্রের কয়েকটি টুকরো দৃশ্য আর একটি গান। এটি দারুণ সাড়া ফেলেছে। এ ছাড়া ভারতের প্রখ্যাত ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়ায় ২ অক্টোবর রাজকাহিনী নিয়ে ছাপা হয়েছে জয়ার একটি লেখা। সব মিলিয়ে বাংলাদেশের এ অভিনয়শিল্পী কলকাতায় এখন বেশ আলোচিত।
: হ্যালো জয়া, শুনতে পাচ্ছেন?
: বলুন।
: রাজকাহিনীতে আপনার চরিত্রের নাম তো রুবিনা। চরিত্রটি আসলে কেমন?

রাজকাহিনী ছবির দৃশ্য
রাজকাহিনী ছবির দৃশ্য

: আমার চরিত্রটি একজন যৌনকর্মীর। ১৯৪৭ সালের প্রেক্ষাপটে একটি পতিতালয়ের ১১ জন যৌনকর্মীকে কেন্দ্র করে এ ছবির গল্প। দেশভাগের ফলে প্রান্তিক মানুষের যে যন্ত্রণা, সেটি ফুটে উঠেছে ছবিতে। ছবির প্রধান চরিত্র বেগমজান। এতে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। বেগমজান পতিতালয়ের সরদারনি। আমার চরিত্রটি তার ডানহাত। বেগমজান যদি রাজকাহিনীর ক্যাপ্টেন হয়, আমি (রুবিনা) ও পার্ণো মিত্র (গোলাপ) নিশ্চিতভাবেই ভাইস ক্যাপ্টেন। আর রুবিনা সম্পর্কে আরেকটু তথ্য হলো, সে নদীয়ার মেয়ে। নদীয়া থেকে এঘাট-ওঘাট পেরিয়ে ঠাঁই মিলেছে পতিতালয়ে।
না, গল্পের পুরোটা এখনই ফাঁস করলে সেটা হবে ছবিটির আকর্ষণের মধ্যে পানি ঢেলে দেওয়ার মতোই। আমরা বরং রুবিনা হয়ে ওঠার জন্য জয়া নিজেকে কীভাবে প্রস্তুত করেছেন, সেই কাহিনি কিছুটা শুনি।
: আমাকে আলাদাভাবে প্রস্তুতি নিতে হয়নি।
জয়ার কথার এটুকু শুনে যদি ভেবে থাকেন খুবই সহজ ছিল কাজটা, তবে জেনে রাখুন, ছবির শুরুতে পাত্রপাত্রী সবাইকে নিয়ে একটি ‘কঠিন’ কর্মশালা করেছিলেন সৃজিত। হাতে-কলমে সেখানে সবাইকে শিখতে হয়েছিল লাঠিখেলা ও বন্দুক চালনা—বন্দুকযুদ্ধ। ১১ জন মেয়ের প্রতি পরিচালকের কঠোর নির্দেশ, ‘নিজেদের মধ্যে অচ্ছেদ্য বন্ধন গড়ে তোলো, চরিত্রের ভেতরে ডুব দাও, মনে করো তোমরা একটা টিম।’
অতঃপর সেই ‘টিম’-এ একে অন্যের সম্পর্ক এতই গাঢ় হয়েছিল যে এ ১১ নারীর কাছে স্বয়ং পরিচালকও হার মেনেছেন। ‘মাঝেমধ্যে সৃজিত আমাদের জিজ্ঞেস করত, তোমরা কুট কুট করে কী এত কথা বলো? ওর এ কথায় আমরা তো হেসে মরি।’—কথাটি বলতে বলতে হাসছিলেন জয়া।
বললেন, ‘ইউনিটে তো আমার একটি নাম দেওয়া হয়েছিল—“আফা”।’
: কেন, আফা কেন?
: আমরা যে ১১ জন ছিলাম, তাঁরা একেকজন একেকজনকে একেক নামে ডাকতাম। আমার জন্য যেমন প্রযোজ্য ছিল ‘আফা’, তেমনি আমি কাউকে ডাকতাম ‘শিশু’, কাউকে আবার ‘চাকর’ বলে।
রাজকাহিনীর প্রয়োজনেই হোলির দৃশ্যে জীবনে প্রথম রং খেলেছেন জয়া। এ ছবিতে অভিনয়ের জন্য এ রকম ‘প্রথম’ আরও কয়েকটি ঘটনা সংঘটিত হয়েছে তাঁর জীবনে—সংলাপ দিতে গিয়ে বলতে হয়েছে ‘জয় হিন্দ’। ‘সংলাপটি যখন দিচ্ছিলাম, ভেতরে-ভেতরে খানিকটা অস্বস্তি হচ্ছিল। মনে হচ্ছিল, বাংলাদেশি হিসেবে আমি তো বলি জয় বাংলা, তবে পরক্ষণেই মনে হলো, এটা তো ১৯৪৭ সালের পটভূমি, আর এখানে আমি জয়া নই, আমি তো রুবিনা।’
‘ঝাড়খন্ডের প্রত্যন্ত শিউড়ি গ্রামে ডিসেম্বরের হাড়-কাঁপানো শীতের মধ্যে ছবিটির শুটিং করেছি আমরা। সেই সব দিনরাত্রি ছিল ভয়াবহ। দুই-তিন ডিগ্রি তাপমাত্রায় শুটিং করতাম। মোটকথা, আমরা প্রার্থনার মতো করে এ ছবির কাজ করেছি।’ জয়া কথা বলছেন। হাসছেন। কিন্তু এবার গাঢ় হলো তাঁর স্বর। মুহূর্তেই মিলিয়ে গেল হাসি। বললেন, ‘দর্শকদের প্রতি একটি অনুরোধ, এই ছবি দেখতে বসে কেউ পপকর্ন খাবেন না। এখানে এমন মর্মস্পর্শী কিছু দৃশ্য আছে, যা দেখে কান্নার দমক উঠতে পারে, গলায় আটকে যেতে পারে পপকর্ন।’
কথাগুলো শুনে নড়েচড়ে বসতেই হচ্ছে। হ্যাঁ, এখন কেবল দিন গোনা, অপেক্ষা। কিন্তু বাংলাদেশের দর্শকেরা কীভাবে দেখবেন ছবিটি?
: ছবিটি ভারতে মুক্তি পাচ্ছে। কিন্তু বাংলাদেশের দর্শকও এটি দেখতে পাবে। ব্যক্তি উদ্যোগে হলেও এখানকার বিভিন্ন স্থানে ছবিটির প্রদর্শনী করা হবে।
দূরালাপনিতে বলে চলেছেন রুবিনা অথবা জয়া, আমরা শুনতে পাচ্ছি...।