জয়ার কণ্ঠে গান
জয়া আহসান এবার গান গেয়েছেন। তাও আবার চলচ্চিত্রে। একটি নয়, দুটি। একটি হেভিমেটাল, অন্যটি পপ ধাঁচের গান। ছবির নাম পারলে ঠেকা। পরিচালক সামুরাই মারুফ। গানের কথা লিখেছেন তিনি। সুর ও সংগীত পরিচালনা করেছেন জাওয়াদ পারভেজ।জয়া বললেন, ‘আমি কিন্তু শাস্ত্রীয় সংগীতের দারুণ ভক্ত। একসময় শাস্ত্রীয় সংগীতের বাইরে আর কোনো গানকে গান বলে মনে হতো না। এরপর অবশ্য ধারণাটা পাল্টেছে। নানা ধরনের গান শোনার ব্যাপারে আগ্রহ তৈরি হয়েছে। নিজেও টুকটাক গানের চর্চা করি, তবে তা একেবারেই নিজের জন্য।’ গান দুটি শিগগিরই ইউটিউবে ছাড়া হবে। এরই মধ্যে এসব গানের শুটিং শেষ হয়েছে। পপ ঘরানার গানটির শিরোনাম ‘জঙ্গলের ডাক’ আর হেভিমেটালধাঁচের ‘পারলে ঠেকা’। ছবির গল্প প্রসঙ্গে মারুফ বললেন, ‘সময়টা ২০১৩ সাল। মেয়েটি অতিমানবী। চুরি করে। একসময় সে মারা যায়। গবেষণার জন্য মেয়েটির মরদেহ সংরক্ষণ করা হয়। ৩০১৩ সালে গবেষণা করতে এসে এক তরুণ বিজ্ঞানী মেয়েটির প্রেমে পড়ে।’পারলে ঠেকা ছবির শুটিং শুরু হবে আগামী ডিসেম্বর মাসে। জয়া বললেন, ‘ছবির নামটা সনাতন, কিন্তু ডিজাইনটা খুব আধুনিক। ছবির গল্প থেকে শুরু করে অভিনয় ও কারিগরি দিকগুলোতে নিরীক্ষার একটা ব্যাপার আছে। শিল্প নির্দেশক হিসেবে মারুফ বেশি পরিচিত। এবার তিনি নিজেই পরিচালনা করছেন।’