জয়ার ঝটিকা সফর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়া আহসান
জয়া আহসান

ঝটিকা সফরে কলকাতায় গেলেন জনপ্রিয় অভিনয়শিল্পী জয়া আহসান। আজ দুপুরের পর কলকাতার উদ্দেশে তিনি ঢাকা ছেড়েছেন। দুপুরের আগ পর্যন্ত তিনি রাজধানীর বাংলামোটরে একটি রেস্টুরেন্টে নতুন চলচ্চিত্র ‘জিরো ডিগ্রি’র মহরত অনুষ্ঠানে ছিলেন। সেখান থেকে সরাসরি বিমানবন্দরের উদ্দেশে চলে যান তিনি।যাওয়ার আগে প্রথম আলো ডটকমকে জয়া বলেন, ‘কোনো ছবির কাজে যাচ্ছি না। এটা আমার একান্তই ব্যক্তিগত কাজে কলকাতায় যাওয়া। কাজ শেষে কালকের মধ্যে ঢাকায় চলে আসব। এসেই “জিরো ডিগ্রি” চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নেব।’
‘জিরো ডিগ্রি’ ছবিটি নিয়ে জয়া বলেন, অ্যাকশন-থ্রিলার ধাঁচের গল্প। একেবারেই বাণিজ্যিক ঘরানার ছবি। ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি’র পর এ ছবিটির কাজ করতে যাচ্ছি।
এবারের ঈদে ঢাকাসহ সারা দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত চলচ্চিত্র ‘পূর্ণদৈর্ঘ্য ‘প্রেমকাহিনি’। সাফিউদ্দিন সাফি পরিচালিত এ ছবিতে জয়া অভিনয় করেছেন শাকিব খানের বিপরীতে।
ছবিটি প্রসঙ্গে জয়া বলেন, ‘একজন অভিনয়শিল্পী হিসেবে সব সময় নতুন কিছু করতে চাই, খুঁজতে চাই বৈচিত্র্য। এর আগে পুরোপুরি এফডিসি ফরম্যাটের ছবিতে অভিনয় করার সুযোগ হয়নি। তাই নতুন কিছু করার চিন্তা থেকেই এই ছবিতে নাম লিখিয়েছিলাম। ছবিটি মুক্তি পাওয়ার পর যতটুকু আশা করেছিলাম, তার চেয়েও অনেক বেশি ইতিবাচক মন্তব্য পাচ্ছি দর্শকদের কাছ থেকে। এই ছবিতে আমি নিজেকে বাণিজ্যিক ছবির অভিনেত্রী হিসেবেই দেখতে চেয়েছি। চেষ্টা করেছি সেভাবেই অভিনয় করতে। আমার পোশাক, নাচ, গান—সবকিছুতেই এই চেষ্টা ছিল।’