জয়ার নায়ক শাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্রে প্রথমবারের মতো জুটি হলেন শাকিব খান ও জয়া আহসান। ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ নামের এই ছবিটি পরিচালনা করেছে সাফি উদ্দিন। চিত্রনাট্য রুম্মান রশীদ খানের। আজ বৃহস্পতিবার বিকেলে এফডিসির জহির রায়হান কালার ল্যাবে অনুষ্ঠিত হয়ে গেল এ ছবিটির মহরত।ছবির চরিত্রের প্রয়োজনেই জয়া আহসানকে শাকিব খানের বিপরীতে জুটিবদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন পরিচালক সাফি উদ্দিন। দর্শকেরা ছবির গল্প থেকে শুরু করে চিত্রনাট্য—সবকিছুতেই নতুনত্ব উপভোগ করবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।সাফি উদ্দিন আরও বলেন, ‘এটি একটি নিটোল প্রেমের ছবি। এ ধরনের ছবি আজকাল খুব একটা দেখা যায় না।’শাকিব খান নিজেও জয়া আহসানের সঙ্গে জুটিবদ্ধ হয়ে বেশ খুশি। তিনিও মনে করেন এই ছবির সবকিছুতেই দর্শকেরা নতুন কিছু পাবেন।জয়া আহসান বলেন, ‘আমি এর আগে পূর্ণাঙ্গ ছবি “গেরিলা”তে অভিনয় করেছি। “ফিরে এসো বেহুলা“, “ডুবসাঁতার”, “ব্যাচেলর”—এ রকম বেশ কয়েকটি ছবির সঙ্গে সম্পৃক্ত ছিলাম। তবে কোনোটিই সে অর্থে মূলধারার নয়। “চোরাবালি” এবং ভারতের “আবর্ত” ছবির কাজ শেষ করেছি। তবে আমি সব সময়ই চেয়েছি, সাধারণ দর্শকের জন্য মানসম্পন্ন বিনোদনমূলক ছবি করতে। যে ছবি দেখে সবাই মনে করবে আমাদের দেশেও ভালো ছবি নির্মাণ সম্ভব। পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ছবির স্ক্রিপ্ট অসাধারণ। অত্যাধুনিক প্রযুক্তি এবং ছবির কারিগরি দিকগুলো বিবেচনা করে আশা করছি কাজটি ভালো হবে।’জানা গেছে, আগামী মাস থেকে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ছবির সম্পূর্ণ শুটিং শুরু হবে। মালয়েশিয়া ও সুইজারল্যান্ডের বিভিন্ন মনোরম লোকেশনে ছবিটির চিত্রগ্রহণ হবে বলে জানা গেছে। পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ছবির সবগুলো গানের কথা লিখেছেন কবির বকুল। খুব শিগগিরই গানগুলোর রেকর্ডিং শুরু হবে।