জয়ার ‘মা’ চরিত্রে দিতি
নতুন একটি ছবিতে জয়া আহসানের মায়ের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন চলচ্চিত্র অভিনেত্রী দিতি। চলচ্চিত্রটির নাম- ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি’। সম্প্রতি ছবিটিতে অভিনয়ের ব্যাপারে দিতির সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। ১ আগস্ট থেকে ছবিটির শুটিং শুরু হবে। রুম্মান রশীদ খানের চিত্রনাট্যে ছবিটি পরিচালনা করবেন সাফিউদ্দিন সাফি।পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি ছবিতে অভিনয় প্রসঙ্গে দিতি বলেন, ছবির গল্প-চিত্রনাট্য শুনেই মুগ্ধ হয়েছি। ছবির কাহিনি আমাকে ঘিরেই আবর্তিত হয়েছে। এ ধরনের চরিত্র আমাদের বয়সী অভিনেত্রীদের জন্য খুব একটা লেখা হয় না। ছবিতে জয়ার মা’য়ের চরিত্রটি তথাকথিত ছবির মায়েদের চরিত্রের মত নয়। আমার এবং জয়ার সম্পর্কটা অনেকটা বন্ধুর মতই।’ দিতি জানিয়েছেন, আগস্টের শেষের দিকে ৩ মাসের জন্য মেয়ের কাছে কানাডা যাচ্ছেন। তার আগেই এই ছবির কাজ শেষ করবেন তিনি। উল্লেখ্য, এই ছবিতে প্রথমবার জুটিবদ্ধ হয়ে কাজ করবেন জয়া আহসান-শাকিব খান। ছবির সবগুলো গানের কথা লিখছেন কবির বকুল।