জয়ার 'রাজকাহিনি'

ঘটনার শুরু বেশ কয়েক বছর আগে। সেবার সিঙ্গাপুরের এক চলচ্চিত্র উৎসবে ভারতের আলোচিত চলচ্চিত্র পরিচালক সৃজিতের সঙ্গে দেখা হয়েছিল অভিনেত্রী জয়া আহসানের। সেখানেই হলো প্রাথমিক কথাবার্তা। ১৯৪৭ সালের দেশভাগকে কেন্দ্র করে একটি ছবি বানাবেন সৃজিত। ওই ছবিতে অভিনয় করবেন জয়া। এখন শুরু হতে যাচ্ছে রাজকাহিনি নামে সৃজিতের সেই ছবির কাজ। এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের জয়া আহসান। গতকাল প্রথম আলোকে খবরটি নিজেই নিশ্চিত করেছেন জয়া।
জয়া ছাড়াও এখানে সাবিত্রী চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, কৌশিক সেন, ঋতুপর্ণা, ব্রাত্য বসুসহ আরও অনেকেই অভিনয় করছেন। আগামী নভেম্বরে কলকাতায় ছবিটির শুটিং শুরু হওয়ার কথা।
জয়া বলেন, ‘যত দূর জানি, কলকাতা ও বাংলাদেশে শুটিং হবে রাজকাহিনির।’ তবে ছবির গল্প ও ছবিতে তাঁর চরিত্র কী, এ সম্পর্কে এ মুহূর্তেই কিছু বলতে নারাজ তিনি। কেন? জানতে চাইলে বললেন, ‘পরিচালকের নিষেধ আছে।’ এ ছবিতে অভিনয় প্রসঙ্গে নিজের অনুভূতি জানাতে গিয়ে জয়া বলেন, ‘সৃজিত ভালো পরিচালক। তাঁর ছবিতে অভিনয় করছি। অনুভূতি তো খুবই ভালো।’